রাঙা ফাগুন
জাহাঙ্গীর চৌধুরী
শীতের ছোঁয়া নাইরে দেশে,
কোথায় যেন লুকাইছে সে।
ফুল ফুটেছে বনে বনে,
ভোমর উড়ছে খুশি মনে।
শিমুল পলাশ রক্তজবা,
গাছে গাছে পাচ্ছে শোভা।
মগডালেতে কোকিল ডাকে,
পাখি ডাকছে শাখে শাখে।
দেখরে তোরা খোকা-খুকি,
নিদ্রা ভেঙে খুলে আঁখি।
কৃষ্ণচূড়ার ডালে আগুন,
এসেছে আজ রাঙা ফাগুন।
মা নেই তবু
মোরশেদ কমল
চারতলা এই, বাড়ি ঠিকই আছে
মা শুধু নেই বাড়ি;
আমাদের ছেড়ে তিনি দিয়েছেন
অজানা রাজ্যে পাড়ি।
আছে পোষা ওই ময়নাটা আজো
আছে ফুলে ভরা টব
মা নেই ঠিকই; মায়ের পরশ
করি তবু অনুভব।
ফ্রেমে বাঁধা ওই মায়ের ছবিতে
পাই যে মায়ের ছোঁয়া;
প্রতিটি কাজেই প্রেরণা জোগায়
এখনো মায়ের দোয়া।
বইমেলা
দীপক বড়ুয়া
বইমেলা বইমেলা
বই নিয়ে কত খেলা!
চাররঙা বইজুড়ে গন্ধ ছোটে
লেখকের চোখেমুখে কত হাসি ফোটে!
লেখকের মাঝখানে আমি শুধু চুপ
আলিশিনে লেখকের ঝরঝরে রূপ!
বইমেলা বইমেলা
অপরূপে সব জেলা!
শত শত ভাবরসে কবিতা ও ছড়া
রূপকথা গল্পে কাহিনীও ভরা!
একুশের বইমেলা! এই শুধু হয়
বই নেই একুশের কি যে সংশয়!
নতুন বইয়ের ঘ্রাণ
মো: আবদুর রহমান
নতুন বইয়ের ঘ্রাণ ছুটেছে
খোকা-খুকি কই,
ফাগুন মাসে বইমেলাতে
চল ছুটে যাই সই।
ফুল-পাখিদের গল্প-ছড়ার
পড়ল মেলায় ধুম,
নানীর ডাকে বাঘ মামারা
কেমনে পাড়ায় ঘুম?
উঁকিঝুঁকি মারছে বেলা
উঠছে জেগে বন,
মনু-তনু জলদি ওঠো
জানতে সোনা বোন।
ভালো কাজ
মুনির শফিক
ভালো কাজ করি আমি
ভালো পথে চলি
ভালো লোক খুঁজে আমি
তার সাথে চলি।
ভালো কাজ করি আমি
ভালো আশা বুনি
ভালো লোক খুঁজে আমি
তার কথা শুনি।
ভালো কাজ করি আমি
লাগে খুব ভালো
ভালো কাজে আনি আমি
এ সমাজে আলো।
ভালো কাজ করি আমি
ভালো কাজ জানি
বদ লোক বদ থেকে
সৎ পথে টানি।
