স্বাধীনতা
আশেক আহমদ জেবাল
স্বাধীনতা স্বাধীনতা
বলতে পারা মনের কথা
যেতে পারা ইচ্ছে যেথা
নিঃস্বার্থ সকল নেতা।।
রক্ত দিয়ে দেশকে কেনা
বিশ^জুড়ে সবার চেনা
দুর্ধর্ষ রক্ষী সেনা
কারও কাছে নয়কো দেনা।।
জনগণের মনের মেলা
নীল আকাশে পাখনা মেলা
উড়তে চাওয়া মেঘের ভেলা
কাজকর্মে নেইকো হেলা।।
স্বাধীনতার মূল্য কত?
জনমনে দরদ যতো
জনসেবা অবিরত
নয়তো কেহ আশাহত।।
স্বাধীনতা মুক্ত আকাশ
মুক্ত বাতাস ফুলের সুবাস
ধোঁকাবাজির নেই অবকাশ
ন্যায়বিচারের চির আশ^াস।।
উড়ছে ধ্বজা
সামিউল ইসলাম
উড়ছে ধ্বজা উড়তে দে
দূর আকাশে ঘুরতে দে
মেলতে দেরে ডানা
ঘুরে ঘুরে আনুক তবে
খবর ষোলোআনা।
চাঁদের খবর আনতে দে
চাঁদ বুড়ি কে ভানতে দে
কেউ করিস না মানা
চাঁদ মামা আর আমি খাবো
আজ নবাবি খানা।
নীল পরীদের সাজতে দে
খুশির ঘন্টা বাজতে দে
থাকবে ধ্বজা,তা না!
আমায় নিয়ে ছুটবে ধ্বজা
মেঘের শামিয়ানা।
বাংলা আমার
নূর সিরাজী
দিনদিন প্রতিদিন বাংলা আমার,
গাই গান শুনি গান বাংলা তোমার।
অবারিত সবুজের বাংলা আমার,
চির অম্লান তুমি বাংলা সোনার।
নদী সব বয়ে যায় বাংলার বুকে,
পাখি সব করে রব বাংলায় সুখে।
ঢাক ঢোল বাজে রোজ বাংলার তরে
নাচ গান করি সব বাংলার সুরে,
মিষ্টি ভাষাবাসির বাংলা আমার।
ফোটে ফুল দোলে ফুল বাংলার বুকে
ফসল ফলায় চাষী বাংলায় সুখে,
ধান-পাট মাঠে মাঠে বাংলায় দোলে
যুদ্ধের ইতিহাস বাংলা না ভোলে,
প্রেম প্রীতি বন্ধনে বাংলা আমার।
বৃষ্টিতে উর্বর বাংলার মাটি
বর্ষার কাদাজলে বাংলা যে খাটি
শীত আর গরমেও বাংলায় চলি
রোজকার মুখে সবে বাংলায় বলি,
প্রতিদিন ভালোবাসা বাংলা আমার।
কবিদের কবিতারা বাংলায় হাসে
শিল্পীর ছবি যেন বাংলায় ভাসে,
বিশ্বের সেরা তুমি এই বাংলাদেশ
ছোট বড় সকলেই বাংলায় বেশ।
স্মরণ করি তাঁদের
শামীম খান যুবরাজ
বুকের রক্তে কেনা এই স্বাধীনতা
জন্ম থেকেই চেনা এই স্বাধীনতা
পূর্বপুরুষ জীবন দিয়েছে বলে
স্বপ্ন বুকে বড় হই কোলাহলে।
স্বাধীনতা ছাড়া পেতাম না এই ভাষা
স্বাধীনতা ছাড়া মিটতো নাকো আশা
স্বাধীনতাহীন কঠিন জীবন হতো
খাঁচায় বন্দি ময়না পাখির মতো।
স্বাধীনতা পেয়ে ভালোবেসেছি মাকে
ভালোবেসেছি মুক্তির যোদ্ধাকে
স্মরণে-বরণে থাকবেই শহিদেরা
স্বদেশের বুকে তাঁরাই শীর্ষে; সেরা।
চাঁদের ডাকে
তুহিন ইসলাম
চাঁদ মামা আলো জ্বেলে দিলো রাতে ডাক্
সজীবতা ফিরে পেয়ে বলে সবে জাগ্,
পরিরাও খুশিমনে নিশীরথে ছোটে
ছিলো যত বাধা জরা টুটে সবি টোটে!
নিশি বকে জলে ভাসে শশী আভা মেখে,
বাঁশ ঝাড়ে জোনাকিরা জ্বলে থেকে থেকে,
শুয়ে ছিলো তেলাপিয়া, ছিলো আরো পুঁটি
ঝিলিমিলি জলে তারা করে ছোটাছুটি!
পশুপাখি ছিলো যত নিরালায় ঘুমে,
বিমোহিত হয়ে ওরা মেতে গেলো ধুমে!
পাশে ছিলো ছোট নদী সেও তোলে ঢেউ
আমি ছাড়া সেটা ভাই দেখেনি তো কেউ!
