ম্যাডাম পঞ্চম শ্রেণীর ক্লাসে জিজ্ঞেস করলেন, ‘তোমরা এবার ঈদে কে কি কিনবে?’ এই প্রশ্নের উত্তরে রাজুর মুখটায় কালবোশেখির মেঘ জমা হলো। ক্লাসের সব প্রশ্নের উত্তরে খই ফুটলেও, এবার মুখে তালা পড়ল দরিদ্র কাজের বুয়ার ছেলে রাজুর। মৃদু সুরে বললেন, ‘আমার আগের বছরেরটা নতুন আছে ম্যাম।’ ক্লাসে বয়ে গেল এক পশলা হাসির বৃষ্টি! অবশ্য ম্যাডামের চোখ রাঙানিতে সবাই থেমে গেল। পরিবেশ সামাল দেয়ার জন্য ম্যাডাম বললেন, ‘আচ্ছা ঠিক আছে তুমি পরের ঈদে নেবে কেমন...’। একজন হাসির ছলে বলল, ‘ম্যাম ও তো গতবারও একই কথা বলেছিল’। এবার ম্যাডাম বললেন, ‘এমন করে বলতে হয় না, ও তোমাদের বন্ধু। বন্ধুরা মনে কষ্ট পায় এমন কোনো কথা বলতে নেই বাবা...।’
স্কুল ছুটির পর, বোশেখ মাসের কাঠফাটা রোদে রাস্তার এক পাশ দিয়ে নীরবে একাকী হেঁটে চলেছে রাজু। আজ ওর প্রিয় বন্ধু আদর ডাকল কিন্তু তবুও দাঁড়াতে চাইছে না। আদর বুঝল ক্লাসের এমন ঘটনায় বেশ কষ্ট পেয়েছে বেচারা! আর পাওয়ার কথাই তো! অবশেষে শানবাঁধানো স্কুলের পুকুরপাড়ে রোজকার মতো বসল দু’জনে। তবে একদম বরফ পরিবেশ। একটা টুনটুনি ওদের মাথার উপরে টুইট টুইট মিষ্টি মধুর গান গাইছে। এই পরিবেশে বন্ধুকে চুপ থাকতে দেখে একটুও ভালো লাগছে না আদরের। লাগার কথাও নয়। কারণ এমনটা ওরা অভ্যস্তও নয়। হই হুল্লোড় আর চেঁচামেচি ওদের নিত্যসঙ্গী। তাই কাছে এসে বন্ধুর হাত ধরার চেষ্টা করতেই, আদরকে জড়িয়ে ধরে অমনি কেঁদে ফেলল রাজু। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, ‘তুমি তো জানো আমার বাবা অসুস্থ। আমার মা কাজের বুয়ার কাজ করে সংসার চালায়। আমাকেও খুব কষ্ট করে স্কুলে পড়ায়। সেখানে আমাকে কিভাবে নতুন কাপড় কিনে দেবে বলো!’ আদর সান্ত্বনা দিয়ে বলল, ‘তুমি মন খারাপ করো না রাজু ওরা বুঝতে পারেনি, দেখবে ওরা ওদের ভুল বুঝতে পারবে। চলো আজ বাসায় যাই।’
দিন-রাতের হামাগুড়িতে ঈদের দিন আরো কাছে চলে এলো। আজকেই স্কুল ঈদের বন্ধ দেবে। সবাই ক্লাসে এলো। ক্লাসে একটা ঈদ ঈদ গন্ধ। কিন্তু, রাজু এলো সবার পরে। কারো সাথে কোনো কথা নেই। কথা বলে পড়ার সুরে, আর চোখ আছে কলম এবং খাতায়। সব কিছু যেন সেদিনের পর রাজুর অচেনা হয়ে গেল। রাজু হয়তো ধরেই নিয়েছে সে শুধু একজন বুয়ার ছেলে। ওর সাথে বাকিদের হিসাব চলে না। বন্ধুরা একে অপরকে দাওয়াত দিচ্ছে। কার কয়টা জামা হলো সেটা হিসাব করছে। তবে রাজুর কোনো জামা নেই, হিসাবও নেই!
রোজের মতো স্কুল ছুটি হলো, সাথে ঈদের বন্ধও পড়ল। রাজু সেই পুকুরপাড়ে একা একা বসে টুনটুনির টুইট টুইট গান শুনছে।
আর ভাবছে আজ হয়তো প্রিয় বন্ধু আদর আসবে না। বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়াল। পেছনে ফিরে দেখে আদর এবং ওর ক্লাসের বন্ধুরা! আদর বলল, ‘ওদেরকে ক্ষমা করে দাও রাজু। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে।’ উপর থেকে টুনটুনিগুলোও কিচিরমিচির করে উঠল।
রাজু বলল, ‘না ঠিক আছে তোমরা আমার বন্ধু রাগ করব কেন!’ এবার আর একজন বলল, ‘ঠিক আছে তাহলে আমাদের সবার পক্ষ থেকে এই পায়জামা-পাঞ্জাবিটা তোমার জন্য রইল। এটা তোমাকে নিতেই হবে বন্ধু।’ খুশিতে রাজু কেঁদে ফেলল এবং বন্ধুদের জড়িয়ে ধরল। আর টুনটুনি গাইতে থাকলÑ টুইট টুইট গান।