তোমার ডালিম-ঠোঁটে স্মৃতি ঝোলে, দোলে হাওয়ায়
হৃদয় কেমন ছ্যাঁৎ করে ওঠে বারংবার, একদিন
নদীতে জোয়ার ছিল, কলকাকলিতে
মধুর মুখর ছিল আশপাশ চারপাশ
ছিল বনের আড়ালে কালো কোকিলের
স্মৃতিজাগানিয়া কুহুধ্বনি, সে কী মধুময় কণ্ঠস্বর
বৃষ্টির ভেতর রাধামন কৃষ্ণপ্রেমের বিরহে
মূর্ছাপ্রায় আগোছালো বিছানায়, তোমাকে দেখার পর
সেই স্মৃতি মনে পড়ে, স্মৃতির পাতায় পড়ি
ফেলে আসা দিনের কাহিনী, স্পষ্ট ও অস্পষ্ট রঙে
লেখা সেই সব কাহিনীর কোনোটি জাহিরি আর
কোনোটি বাতিনি, বর্ষায় কদম-তলে
কদম-ফুলের তীব্র ঘ্রাণে তোমার লিরিক মুখ
অনিবার্য এক ক্ল্যাসিকেল স্মৃতি
বৃন্দাবনে এখনো কৃষ্ণের বাঁশি বাজে
চঞ্চল হৃদয়ে রাধা নিঃশব্দে বেরোয় অভিসারে
