এক বনে বাস করতো একটি মা পাখি। মা পাখিটার ছিল দুটি ছানা। ছানা দুটি সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকতো, কখনো গাছের ডালে, কখনো মাটিতে। মা পাখি বলে ছানারা তোমরা এত দুষ্টুমি করো না, একদিন এই দুষ্টুমির কারণে বিপদে পড়বে। কিন্তু ছানা দুটি মায়ের কোনো কথাই শুনতো না। খাবার পেতে একটু দেরি হলেই চেঁচিয়ে মাথায় উঠতো। তাই মা পাখি প্রতিদিন পোকা ধরে এনে ছানাদের খাওয়াতো। এভাবেই চলতো মা পাখির সংসার। একদিন এক শিকারি মটরশুঁটির জমিতে পাখি ধরার জন্য জাল বিছিয়ে রাখলো। সেটা মা পাখি বাসায় ফেরার সময় দেখতে পেলো। দেখে তাড়াতাড়ি বাসায় ফিরে ছানাদের ডেকে আগে খেতে দিলো। খাওয়া শেষে ছানাদের বললো শোনো ছানারা আজকে আমি বাসায় ফেরার পথে দেখলাম বনের পাশে মটরশুঁটি জমিতে এক শিকারি আমাদের ধরার জন্য জাল বিছিয়ে রেখেছে, ভুল করেও তোমরা কেউ ওই মটরশুঁটি জমির আশপাশেও যাবে না। যদি জালে আটকে যাও তাহলে তোমাদের ধরে নিয়ে যাবে। আর তোমরা ছাড়া আমার আর কেউ নেই। তোমাদের কিছু হয়ে গেলে আমি মরেই যাবো। সবটা শুনে ছানারা বললো ঠিক আছে আমরা যাবো না। এর মাঝে সন্ধ্যা হয়ে গেছে তাই মা পাখি ছানাদের নিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে মা পাখি ভাবে আমি আজকে বাহিরে যাবো না ছানারা যে দুষ্টু না জানি কী করে বসে। কিন্তু কিছুক্ষণ পর ছানাদের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠেই খাবার জন্য চেঁচামেচি শুরু করে দিলো। বাসায় খাবারও নেই, মা পাখি কী করবে ভেবে পাচ্ছিল না। তারপর ছানাদের কান্না দেখে মা পাখি বললো তোমরা বাসায় থেকো বাহিরে যেও না আমি দেখি আশপাশে কিছু খাবার আনতে পারি কী না? বলেই মা পাখি বেরিয়ে পড়ে খাবারের জন্য। এরই মধ্যে ছানাদের দুষ্টুমি শুরু হয়ে গেলো। রাতে মা পাখি কী বলেছিল তা তারা ভুলেই গেলো। দুষ্টুমি করতে করতে তারা দু’জন চলে গেলো মটরশুঁটি জমিতে। গিয়ে দু’জন জালের দুই পাশে দু’জন আটকে গেলো। তখন শিকারি ছিল না। তারা দু’জন খুব চেষ্টা করছিল ছুটে আসতে কিন্তু কিছুতেই পারছিল না। এ দিকে মা পাখি দেরি না করে তাড়াতাড়ি বাসায় ফিরে এলো। বাসায় ঢুকে দেখে ছানারা নেই। মা পাখির বুকটা ধড়ফড় করতে লাগলো। ছানারা কোথায় গেলো? দেরি না করে মা পাখি বেরিয়ে পড়ে ছানাদের খুঁজতে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সেই মটরশুঁটি জমিতে জালের সাথে ছানা দুটি আটকে গেছে। মা পাখির মনে ছানাদের হারানোর কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। এরই মধ্যে শিকারিও জালের কাছে আসছিল। মা পাখি একটু ভেবে শান্ত হয়ে শিকারি ছানাদের কাছে যাওয়ার অপেক্ষা করে। কারণ শিকারি এক সাথে ছানা দুটিকে জাল থেকে ছাড়াতে পারবে না, আর যখন একজনকে ছাড়াতে যাবে তখন অন্যজনকে ছাড়াবে মা পাখি। শিকারি যেই গিয়ে একজনকে ছাড়াতে লাগে তখনি মা পাখি গিয়ে অন্য জনকে ছাড়াতে লাগে। শিকারি বুঝতে পারে যে পাখিটা ছানাটাকে ছাড়ানোর চেষ্টা করছে। সাথে সাথে শিকারি দৌড়ে তাড়াতে যায়। তখন মা পাখি অন্য জনকে ছাড়াতে যায়। এমন ভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ। শিকারি ক্লান্ত হয়ে যায়। এক সময় মা পাখি তার একটা ছানা ছাড়াতে সক্ষম হয়। অন্য ছানাটাও প্রায় ছাড়ানো হয়ে গেছে একটু বাকি। যে ছানাকে ছাড়ানো হয়ে গেছে শিকারি তার কাছে আসতেই ফুড়ুৎ করে উড়ে যায়। মা পাখি দেরি না করে অন্য ছানাকেও ছাড়িয়ে নেয়। যেই উড়াল দেবে তখনই শিকারি রেগে গিয়ে হাতের কাছে পড়ে থাকা ঢিল ছুঁড়ে মা পাখির দিকে। ছানাটা ঠিক উড়ে যায় ঠিকই কিন্তু মা পাখিটার মাথায় গিয়ে আঘাত লাগে আর সাথে সাথে মা পাখিটা পড়ে যায়। এই অবস্থায় মা পাখি চেঁচিয়ে ছানাদের বলে তোরা পালিয়ে যা। আমার যা হয় হবে। ছানারা যেতে চাচ্ছিল না তারপর ওরা উড়ে যায়। আর শিকারি মা পাখিটাকে ধরে নিয়ে যায়। অন্য দিকে ছানারা একজন আরেকজনকে বলে আজকে আমাদের দুষ্টুমির জন্য আমরা আমাদের মাকে হারালাম। আমরা খুব বড় ভুল করেছি আমাদের মায়ের কথা না শুনে যদি, মায়ের কথা শুনতাম তাহলে আজকে আমাদের মা আমাদের কাছেই থাকতো। তারপর থেকে ছানারা আর কোনো দিন দুষ্টুমি করে না।