শরৎ
মিজান ফারাবী
গ্রামে আমার শরৎ এলো শাদা কাশের ফুলে
নদীর তীরে দমকা হাওয়ায় উঠল সারি দুলে,
দুলে দুলে ছড়ায় শরৎ শাদা মেঘের তালে
সাজে আকাশ শুভ্র মেঘে এই শরতের কালে।
শরৎকালে নদীর বাঁকে ডাহুক বাসা বুনে
পাড়া-গাঁয়ে সন্ধ্যা নামে ডাক-ডাহুকের শুনে,
কাশের ফুলে নদীর কূলে শরৎ মিশে থাকা
ফুলে ফুলে গ্রামটা আমার ছবির মতো আঁকা
শিউলি ফুলে শরৎ এলে দিনটা স্মৃতির ভাসে
স্মৃতির কথা পাতায় পাতায় শিউলি ফুলে হাসে,
ফুলের হাসি ভালোবাসি শরৎ সুখের দিনে
শৈশবটা হারিয়ে গেল এমন হাজার ঋণে।
ঋণ ভোলাতে এমন শরৎ আসত যদি ফিরে
আবার না হয় খেই হারাতাম শরৎ তোমায় ঘিরে।
শরৎ রূপ
শেমুন শেখ
ঝকঝকে রোদ সকাল বেলা
পথিক পথে বেশ
আকাশ মাঝে তুলোর মতো
সাদা মেঘের রেশ।
খোকাবাবু করছে খেলা
উঠান করে মাঠ
হঠাৎ করেই গুড়ুম গুড়ুম
কাঁপছে ঘরের খাট।
ভয় পেয়ে যায় খোকাবাবু
দূর হয় খেলার সাধ
পথিক সবাই থমকে দাঁড়ায়
দিন হয়ে যায় রাত।।
বৃষ্টি নেমে আঁধার কাটে
ফুটে সূর্য ফুল
বৃক্ষ লতা চিকচিক করে
বাতাসে খায় দোল
ময়নার বায়না
মিজানুর রহমান
ময়না পাখি ঘুমের ঘোরে
স্বপ্ন দেখে যায়
সকালবেলায় ভাঙলে সে-ঘুম
দুধ-কলা-ভাত চায়।
ময়না পাখি বলে মাকে
দুধের বাটি দাও
কলার সাথে মেখে খাবো
আমায় কোলে নাও।
কোলে উঠে ময়না পাখি
দুধ-কলা-ভাত খায়
রোজ সকালে ময়না এখন
এ খাবারটিই খায়।
খুকুমণি রুম্পা
রাসেল খান
খুকুমণি রুম্পায়
পড়ার কথা বললে তাকে
বলে শুধু ঘুম পায়।
দিলে গেম, কার্টুন
ঘুম চলে যায় রুম্পামণির
গান ধরে গুনগুন।
খুকু
সাগর আহমেদ
খুকু যাবে মামা বাড়ি,
চড়বে খুকু ঘোড়ার গাড়ি।
নাকে নোলক কানে দুল,
খুকুর খোঁপায় বেলীফুল।
গলায় পরে মুক্তো মালা
হাতে দিয়ে সোনার বালা
মামা বাড়ির তালের পিঠা
খুকুর কাছে বড়ই মিঠা।
পুকুর পাড়ে আম কুড়াতে
খুকু ছোটে ভোর প্রভাতে।
টিয়ে ময়না বাজায় বীণ,
খুকু নাচে তা ধিন ধিন।
ছাগল ছানা নাচে ঐ,
খুকুমণি গেলো কই!
ময়না দেখে উড়ে গিয়ে
দিচ্ছে খুকু পুতুল বিয়ে।
আজ সকালে
সুমিতা রাণী
আজ সকালে যায়নি ছোঁয়া নরম কাশের ফুল,
যায়নি দেখা শিউলি তলায় হাসির হুলস্থুল।
আজ সকালে যায়নি দেখা কদম রাশি রাশি
যায়নি দেখা পথের পাশে হলুদ ফুলের হাসি।
আজ সকালে যায়নি শোনা টুনির ডাকাডাকি,
যায়নি শোনা পাতিহাঁসের অমন হাঁকাহাঁকি।
আজ সকালে যায়নি দেখা কাঠবিড়ালির ছুট,
যায়নি দেখা আমড়া শাখায় ফলের হরিলুট!
আজ সকালে হয়নি দেখা শোল-টাকিদের ছাও,
হয়নি দেখা পুকুর মাঝে শুকনো পাতার নাও।
আজ সকালে এমন কেন হয়নি দেখা চেয়ে?
আজ সকালের ছিলাম আমি ঘুমকাতুরে মেয়ে!
