রোজা
আশরাফ আলী চারু

ও মা দেখো ওই পাখিরা
ধরছে পোকা টপাটপ
নেইনি রোজা! কেমন পাখি
গিলছে কেমন গপাগপ।

ওই ফুলেরা খায় না বুঝি
রোজা রাখে ভর বছর
ফুলের কাছে কেন শেখে না
শিখবে ওরা পর বছর?

মা হেসে কন ওরে খোকা
রোজা ওদের নয় ফরজ
যারা বুঝে তারাই করে?
এই আমলের নেয় গরজ?

আমরা মানুষ তাই আমাদের
রোজা রাখা লাগবে
তা না হলে পাপ ও পুণ্যের
সকল কিছুই জাগবে।

 

 

ভালো আর ভালো
সাকী মাহবুব

পাখি হই পাখি হই
গাই ভালো গান
চারিদিকে বয়ে যাক
সুরের তুফান।

ফুল হই ফুল হই
রোজ রোজ ফুটি
ফুল হয়ে মানুষের
ভালোবাসা লুটি।

আলো হই আলো হই
দূর করি কালো
সবদিক হয়ে যাক
ভালো আর ভালো।

 

 

শ্রেষ্ঠ গর্ব
আহসান হাবিব সিরাজী

বাবা আমার দু’টি নয়ন
মা নয়নের মণি,
এ জীবনে তারা হলেন
ভালোবাসার খনি।

বাবা আমার মাথার ছাতা
বাবা বটের ছায়া,
মা যে আমার মাথার মুকুট
বুকভরা তার মায়া।

বাবা আমার বিচারপতি
বিচার করেন যিনি,
মা জননী উকিল হয়ে
বাঁচিয়ে নেন তিনি।

স্রষ্টার পরে তাদের আসন
তারা আমার স্বর্গ,
এই পৃথিবীর মাঝে আমার
তারা শ্রেষ্ঠ গর্ব।

 

 

মায়ের খোকন
আল মামুন হোসেন

হাঁটছে কেমন খোকন সোনা
চলছে ছোট্ট পায়ে,
ধরতে গেলে দৌড়ে পালায়
উদম খালি গায়ে।

মা যে খোকার পিছন পিছন
ডেকে হলো সারা,
চাঁদের কণা খোকন আমার
একটুখানি দাঁড়া।

মায়ের কথায় ছোট্ট খোকন
খিলখিলিয়ে হাসে,
খোকার হাসি মায়ের চোখে
মুক্তা হয়ে ভাসে।

খোকন যেদিন বড় হবে
পুরবে মনের আশা,
তাই না ভেবে মা যে খোকার
সুখে বাঁধে বাসা।

 

 

তৃষামণি
গোলাম আজম খান

তৃষা আমার নয়নমণি
তৃষা আমার প্রাণ,
তৃষা নিয়ে স্বপ্ন হাজার
দেখে হৃদয়খান।

তৃষামণির আগমনে
পূর্ণ মায়ের কোল,
বুক ভরে যায় যখন তোমার
শুনি আধো বোল।

মুচকি হাসির হাসনাহেনায়
সুগন্ধিরা দোলে,
মৌমাছিরা পাখনা মেলে
নাচে ফুলে ফুলে।

বড় হয়ে তৃষামণি
রাখবে সবার মান,
সেই আশাতে বাবা মায়ে
দুআ করে যান।

 

 


খুকুমণির রোজা
নুশরাত রুমু

খুকুমণি রোজার মাসে
রাখবে নাকি রোজা
সাহরি খেতে ঘুমটা ভেঙে
ওঠা নয়কো সোজা।

সারাটা দিন খালি পেটে
থাকতে হবে তার
পানি কিংবা চকোলেটও
খাবে না সে আর।

দুপুর হলে খিদের কথা
বলবে না সে মাকে
আজান দিলে পড়তে নামাজ
ডাকতে হয় না তাকে।

বিকেলবেলা ঘুমিয়ে তার
সময় যাবে কেটে
ইফতারিতে মজা হবে
খাবার গেলে পেটে।

 

 

রঙিন ফুল
সুপ্রীতি বিশ্বাস সুস্মি

রঙিন রঙিন ফুল,
মায়ের কানের দুল।
লাল ফুল ভালো লাগে,
ছিঁড়লে মালিক রাগে।

ফুলের আছে মিষ্টি ঘ্রাণ,
শুঁকলে তাই জুড়ায় প্রাণ।
ফুল দেখতে ভালো,
রঙিন কি বা কালো।
ফুল দিয়ে মন ভালো হয়,
এসব কথা মিথ্যা নয়।