মেঘবালিকার পণ
গোলাম রব্বানী টুপুল
আকাশ-ভরা মেঘের খরা
মেঘের বাড়ি দূরে
দেশটা জুড়ে বেজায় গরম
ফসল যাচ্ছে পুড়ে
খালে বিলে জলের খরা
মাছের কপাল পোড়ে
মরুর দেশের লু-হাওয়া সব
বইছে জোরেশোরে
দেশটা ভরা বৃক্ষ ছিল
খালে বিলে জল
সব খেয়েছে সব নিয়েছে
মানব দানার দল
মেঘবালিকা উদাস মনে
তাই করেছে রাগ
আর এ দেশে নামবে না সে
দেশটা চুলোয় যাক
আবার যদি বানায় ওরা
বৃক্ষ-রাজির বন
তবেই নাকি ভাঙবে তাহার
কঠিন-তর পণ।
তাপদাহ
আঞ্জুমন আরা
খাঁ খাঁ রোদ্দুর অসহ্য গরমে,
খালবিল চৌচির দুর্ভোগ চরমে।
বৃক্ষের শাখা পাতা অলসতায় চুপচাপ
কবে হবে কালো মেঘ বৃষ্টি টুপটাপ।
কদমস্নাত সেই বৃষ্টি গেল কই?
ঘামে ভেজা পথিকের কত কি যে হইচই।
ব্যাঙগুলো ক্লান্ত ডেকে ডেকে বারবার,
পশুপাখি মানুষের কত কি যে হাহাকার।
সূর্যের রাঙা চোখ কটমট করে চায়,
রোদেলা উত্তাপে চামড়াও পুড়ে যায়।
গাছ কেটে অবহেলা সবুজের যতনে,
নিজেরাই দায়ী আজ নিজেদের পতনে।
বাঁচতেই যদি চাও সবুজেই ভরো দেশ,
সুজলা সুফলা করো আপনার পরিবেশ।
বৃষ্টি নামক এসি
ইলিয়াছ হোসেন
প্রভুর কাছে সবার ছিল
একটু বৃষ্টি চাওয়া,
বৃষ্টি হলে দূরে যাবে
ভ্যাপসা গরম হাওয়া।
কোটি কোটি এসি ফ্যানে
ঠাণ্ডা হয়নি দেশ,
ভ্যাপসা গরম সবার জীবন
অস্থির খুব বেশ।
অবশেষে বৃষ্টি হলো
সবাই পেলাম স্বস্তি,
মনের হর্ষে বৃষ্টি বর্ষে
করছি সবাই মস্তি।
কোটি এসি ফ্যান থেকেও
সবাই ঘেমে গেছি,
সমগ্র দেশ ঠাণ্ডা করল
বৃষ্টি নামক এসি।
নতুন কুঁড়ি
সালমা আক্তার
সত্য বলা সুপথ চলা
এই যেন হয় রীতি
আমরা নতুন আমরা কুঁড়ি
রাখব না আর ভীতি।
উঠব ভোরে, আপন করে
বিশ্ব রাখব বুকে
ফুটব হেসে ভালোবেসে
পড়ব মনের সুখে
বিদ্যা বড় অমূল্য ধন
জ্ঞানী জনের বাণী
সৃজন লীলায় মত্ত হয়ে
সাজাবো ফুলদানী।
নীতিবাক্য করে সাক্ষ্য
পথ বানাবো হেঁটে
হবো ধন্য, আর অনন্য
দেহ মনে খেটে!
দেশের জন্য দশের জন্য
এক সারিতে চলে
সবাই সবার, আপন হবো
অঙ্গীকারে জ্বলে ।
সবজিওয়ালা
হাজেরা ইয়াসমিন
নাতি আমার দেয়া না
খেয়াপারের খেয়া না
বাজারে যায় রোজ,
সবজিওয়ালা মামা নাকি
দিনের শেষে গোছায় ঝাঁকি
তেমনি একটা পোজ।
মায়ের কাছে আবদার
ছবি হবে বারবার
সবজিওয়ালার মতো,
সেজেছে আজ সবজি মামা
গরমেতে মেজাজ তামা
ঘামছে অবিরত।
ফিরছে ঘরে ব্যাগ নিয়ে
দাপট করে হাঁকি দিয়ে
সাথে নগদ টাকা
বিজলি যখন দেয় চমক
মনে মনে দেয় ধমক
নজর করে বাঁকা।
সুখের নীড়ে
মোবাশ্বিরা হাবিবা
সুখের নীড়ে ফিরে যাব
ইচ্ছে জাগে মনে,
হঠাৎ একটা বাধা এসে
ঘুরিয়ে দেয় ক্ষণে।
হাসিমুখে ঝরুক আমার
অশ্রু যত চোখে,
তবু আশা ছাড়ব নাতো
সাহস রাখি বুকে।
চেষ্টা আমি করেই যাব
সফল হওয়ার জন্য
সফল হলে জীবন আমার
তবেই হবে ধন্য।
