মেলতে হবে ডানা
মুস্তফা হাবীব

জীবনযুদ্ধে বিজয় পেতে
জাগতে হবে ভোরে,
ধরতে হবে অধরাকে
স্বপ্ন নিয়ে জোরে।

পাখি হয়ে উড়তে হবে
মেলতে হবে ডানা,
নইলে জীবন ধূসর হবে
চোখ থাকতেও কানা।

এ পৃথিবী রাঙিয়ে যারা
আজো বেঁচে আছে,
জানতে হবে তাদের কেমন
স্বপ্ন ছিলো পাছে।

শিল্পতরু মনের ভেতর
করতে হবে লালন,
মহৎ চিন্তা কাজে কর্মে
করতে হবে পালন।

আজকের শিশু কালকে হবে
দেশের কর্ণধার,
প্রদীপ জ্বেলে পথের যতো
তাড়াবে আঁধার।

 

তাদের কাছে ঈদ
জয়নব জোনাকি

নীল আকাশে চাঁদ হেসেছে
ডাকছে খুশির বান,
সাগর নদী ঝরনা ধারায়
ঢেউয়ের কলতান,
চারিদিকে কণ্ঠে সবার
ঈদানন্দ গান।

খুশির বার্তা নিয়ে এলো
তাদের কাছে ঈদ,
ইব্রাহিমের মতো যারা
পেয়েছে তৌহিদ!

কোরবানির এ শিক্ষা শুধু
পশু জবাই নয়,
সকল কাজে, রয় না যদি
মহান রবের ভয় !
লৌকিকতায় হয় যে কেবল
আ’মলগুলো ক্ষয়।

 

এসো গাছ লাগাই
শাহী সবুর

গ্রীষ্ম শেষে বাংলাদেশে
এলো বর্ষাকাল,
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
ভরে নদী খাল।
গ্রাম বাংলায় যার যেখানে
পতিত জমিন আছে,
বর্ষাকালে ভরে তুলুন
নানান জাতের গাছে।
ছোট্ট একটি গাছের চারা
সামান্য তার দাম,
যতœ নিলে ভবিষ্যতে
হবে বিশাল কাম।
নানানভাবে বৃক্ষরাজি
বাঁচায় পরিবেশ,
বৃক্ষ রোপণ করলে সবাই
এগিয়ে যাবে দেশ।

 

ভালোবাসি
সাকী মাহবুব

ভালোবাসি ফল
মেঘনার জল
ধীরে ধীরে বয়ে যাওয়া ঢেউ টলমল।
ভালোবাসি ফুল
মিষ্টি বকুল
সুবাসিত গন্ধে মনটা ব্যাকুল।
ভালোবাসি চিল
আকাশের নীল
আমার মায়ের স্নেহমাখা দিলো।
ভালোবাসি গাঁও
ছোট ডিঙি নাও
মগডালে বসে থাকা শালিকের ছাও।
ভালোবাসি মাটি
দুধভরা বাটি
বুকে বুকে দেশপ্রেম ভালোবাসা খাঁটি।

 

 


বর্ষা এলো গাঁয়ে
মাহমুদ সালিম

আমার গাঁয়ের ছোট্ট খালে
বইছে স্রোতের নদী
ও মাঝি ভাই একটুখানি
দেখতে এসো যদি।

আঁকাবাঁকা মেঠু পথের
দু’ধার ঘেঁষে ঘেঁষে
নতুন পানির রূপ বেড়েছে
গাঁয়ের কাছে এসে।

নতুন পানির মাছ ধরিতে
জেলে নামে খালে
কদম কেয়া ফোটেছে এখন
সবুজ ডালে ডালে।

আমার গাঁয়ের শ্যামল ছায়ায়
বর্ষা নেমে এলে
পাড়ার ছেলে সবাই তখন
মন রাঙিয়ে খেলে।

 

বাবা
আজাদ হোসেন

বাবা তোমায় ভালোবাসি
তুমি আমার প্রাণ,
বাবা তুমি আমার আশা
ভালোবাসার গান
বাবা তুমি এই জীবনে
আল্লাহ পাকের দান।

বাবা তুমি দৃঢ় থাকার
এক মাত্র সম্বল,
বাবা বাবা মধুর এ ডাক
ভালোবাসার কোল।

বাবা তুমি হাসি কান্না
সুখের প্রথম ধাপ,
আমাদের দাও সুখের চাবি
নিজে নিয়ে চাপ।
দূর করে দাও জীবন থেকে
কষ্টের অভিশাপ।

 

 

 

খুকির আঁকা ছবি
আরিবা জান্নাত

বৃষ্টিভেজা দিন,
উঠোনজুড়ে মিষ্টি বকুল
ঝরছে সীমাহীন।

ভিজছে বেলি ফুল,
দেখছে খুকু আঁকছে খাতায়
নেইকো আঁকার তুল!

অপূর্ব এক ছবি!
তুলির ছোঁয়ায় খুকুমণি
আঁকতে পারে সবই।

 

 

ঈদের হাসি
জাকির শায়েরী

ঈদের হাসি সবার মুখে
নতুন জামা পরে
ঈদের দিনে পথশিশুদের
মন আনন্দে ভরে?

তোমরা সেদিন কত খাবার
মজার খাবার খাবে
পথশিশুদের মুখের হাসি
কেউ কি আনতে যাবে!

ঈদের খুশি কিনব এবার
আমরা সবাই মিলে
সবার মুখে ফুটবে হাসি
শান্তি পাবে দিলে।

 

 


ঈদের জামা
মো: জাহিদুল ইসলাম

ঈদের জামা কিনব বলে
গেলাম বাবার সাথে
কাছেই ছিল একটা দোকান
অনেক জামা তাতে।

একটি জামা আলতা রাঙা
আরেকটি বেশ কালো
সবুজ হলুদ সাদাও ছিল
সবগুলোই ভালো।

কোনটা ছেড়ে কোনটা নিবো
পড়েছি ভাবনায়
একটি জামা গোলাপ রাঙা
আমাকে মানায়।

কী যে মজা সেই জামাটাই
বাবা দিল কিনে
সেই জামাটা পরে থাকি
রাতে কিংবা দিনে।