আল মাহমুদ
মাহমুদ সালিম

ফুল পাখিদের গানে গানে
মন মাতানো হৃদয় জানে
তুমি ধ্যানের কবি,
গাঁয়ের আঁকা মেঠোপথে
রাতের তারা জোনাক হতে
ফোটে তোমার ছবি।

নোলক সে তো মন রাঙিয়ে
সোনার তরি ঘুম ভাঙিয়ে
আসলো ফিরে পেতে,
ভোরের কোমল স্নিগ্ধ হাতে
ডাকলো পাখি রাঙা প্রাতে
উঠলো সবাই মেতে।

স্মৃতির মেঘলা ভোরে যখন
ইচ্ছেটাকে করলো পূরণ
এই কবিতায় কবি,
তিনি ছিলেন মায়ায় ভরা
জানলো শেষে এই যে ধরা
ভোরের রাঙা রবি।

রাত্রি শেষে ভোর আগমন
যাওয়ার তাকিদ দিল এ মন
পূর্ণ হলো চাওয়া,
মৃত্যুকে তাই ঈদ মেনেছি
তাই জেনেছি তাই জেনেছি
দিনটা হলো পাওয়া।

 


তুমিই মহান
গিয়াস হায়দার

দূর আকাশে জ্বলতে থাকে
দিনের বেলায় সূর্য
আঁধার ঘনায় সন্ধ্যা নামে
অন্ধকারে তূর্য।

আকাশ-পাতাল গ্রহ তারা
পাহাড় থেকে ঝরনা
সুখে-দুখে জীবন চলা
সঠিক পথের স্বর্ণা।

গগন হতে বারি ঝরাও
গভীর কূপে পানি
মহান প্রভুর অসীম খেলা
আমরা কি সব মানি?

দিনের পরে রাতের দিশা
গাছের ডালে পাখি
আকাশজুড়ে তারার মেলা
জুড়ায় দু’টি আঁখি।

তুমি মহান তুমি মহান
তুমি সবার প্রভু
আহার যোগাও সকল প্রাণীর
ভুলবো না তা কভু কভু।

 


বাধা ও সাফল্য
আশিক ফয়সাল

কতো কথা বলছে বলুক
বলবে তো নিন্দুকে
তোমার পথে তুমি চলো
বাড়াও নিজ বিন্দুকে।
বিন্দু থেকে সিন্ধু গড়ো
বদলে ফেলো ছবি
আঁধার কাটে রাতের শেষে
উঠলে ভোরের রবি।
চলার পথে থাকবে কাঁটা
থাকবে শত বাধা
নানান জনে নানান ভাবে
ছুড়বে গায়ে কাঁদা।
সেসব দিকে না তাকিয়ে
লক্ষ্যে নজর ফেলে
এগিয়ে গেলে দিনের শেষে
সাফল্য ঠিক মেলে।

 


ছুটির দিনে
সাদ আমির

আয় শ্যামা চিলপাখি
আকাশের নীল মাখি
মেঘে মেঘে উড়ি,
উড়ে উড়ে দুনিয়াটা ঘুরি।

বকপাখি খায় মাছ
বাসা তার বাঁশগাছ
খুশি মনে নাচে,
নেচে নেচে কত সুখে বাঁচে।

এলো তাই পেঁচা বাজ
আজ যেনো নেই কাজ
পাখিদের দলে,
নাচানাচি কানামাছি চলে।

 


বাদল দিনে
মাহতাব উদ্দিন

টিনের চালে হঠাৎ যখন
বৃষ্টি এসে পড়ে,
বেশ আলোড়ন মন জুড়ে বয়
যায় না থাকা ঘরে।

ব্যাঙের বাড়ি চলছে আমোদ
দেখছে পুঁটি চেয়ে,
ফিঙ্গে নাচায় পুচ্ছটি তার
দারকিনা মাছ খেয়ে।

সবুজ পাতা বৃষ্টি জলে
গোসল সেরে হাসে,
কদম-কেয়া সুবাস ছড়ায়
সিক্ত পথের পাশে।

বাদল দিনে মাথার উপর
উড়ছে রঙিন ছাতা,
খেলছে শিশু কাদাজলে
ধরছে না বই-খাতা।

 


ঝড়
সুমিতা রানী

আকাশ হঠাৎ পড়লো গায়ে
কালো রঙের কাঁথা,
বলল দাদু, ভিজবে ধবল
দে হাতে দে ছাতা।

বাইরে দেয়া কাপড়গুলো
বলল ডেকে মাকে,
আমায় এবার নিন গুছিয়ে
ওয়াড্রোবের তাকে।

মাঠে বাঁধা ভেড়ার পালে
হাঁকলো ভ্যাঁ ভ্যাঁ সুরে,
খেলা ফেলে ছুটল সবাই
নিরাপদে দূরে।

আমের দোলে দুললে খুকু
পড়বি নিচে? পড়-
মেঘ কড়াকড় মেঘ কড়াকড়
নামলো এবার ঝড়।