জীবনের কর্মব্যস্ততা ও পেরেশানি আমাদের মনকে ধীরে ধীরে নিস্তেজ করে দেয়। ফলে নিস্তেজ ঝিমিয়ে পড়া এই মনকে সতেজ করার জন্য আমরা নানা কিছু করে থাকি। যেমন ভ্রমণ করে থাকি। কারণ ভ্রমণ আমাদের মনকে অনেক আনন্দ ও সুন্দর সুন্দর মুহূর্ত এনে দেয়। তাই ভ্রমণ করলে মনে সতেজতা ফিরে আসে। কিন্তু এই ভ্রমণের জন্য জীবনের বাস্তবতায় সময় সুযোগ না হয়ে উঠলে আমরা প্রকৃতির মাধ্যমে আমাদের মনকে সতেজ করে থাকি। তাই তো বিকেলের পশ্চিমাকাশে সুয্যিমামার নীরব নিরিবিলি অস্ত যাওয়া। হরেক রকম রঙে আকাশে বিচিত্র প্রদর্শনী করা। যেই প্রদর্শনীর ছোঁয়ায় পশ্চিমাকাশ, প্রকৃতি ও তার চার পাশ রাঙে। সেই রঙের আভা ছুঁয়ে যায় প্রতিটি প্রকৃতিপ্রমী হৃদয়কেই। ছুঁয়ে যাবে-ইবা না কেন? কারণ, পশ্চিমাকাশে সুয্যিমামার হেলে পড়া, হলুদ থেকে কমলা, কমলা থেকে টুকটুকে লাল, লাল থেকে নানা রঙের বর্ণচ্ছটা ছড়িয়ে দিগন্তে হারিয়ে যাওয়া পৃথিবীর অন্যতম নৈসর্গিক একটি দৃশ্য। আর এমন দৃশ্যগুলোর অবতরণ যদি হয় খোলা প্রান্তরে, বিস্তৃত বালুময় মাঠে, প্রশান্তিকর নদীরপাড়ের ঝিরিঝিরি বাতাসে ও চমৎকার পরিবেশে। তাহলে মুগ্ধ না হয়ে তো উপায়ই নেই। আবার অস্তমান সূর্যের অতুলনীয় ওই সৌন্দর্যকে উপেক্ষা করার সাধ্য কোনো প্রকৃতিপ্রেমী মানবমনের নেইও। তাইতো প্রকৃতিপ্রেমী সব মানুষ বিস্ময়-বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকে অস্তমিত ওই সূর্যের দিকে ও খোলা প্রান্তরের মনোমুগ্ধকর প্রকৃতির দিকে। আর এ জন্যই সূর্যাস্ত দেখে প্রাণ জুড়াতে কেউ কেউ ছুটে সাগর-সৈকতে, পাহাড়-পর্বতে, বিল-নদীর তীরে। আর এমন মুহূর্তের সাথী-সঙ্গী যদি হয় দূূরন্ত শৈশবের সাথী, শিক্ষাঙ্গনের ও এলাকার প্রিয় মানুষগুলো। তাহলে নিশ্চয়ই সূর্যাস্তের সৌন্দর্যে ভালোলাগার আবেশটা একটু বেশিই আবিষ্ট হয় মন। আর এক অদ্ভুত প্রশান্তিও ভর করে হৃদয়মনে। এমন সুন্দর, আনন্দময় ও প্রাণবন্ত সময়গুলো সবার জীবনেই আসুক বারবার। আর স্মৃতির পাতায় অঙ্কিত থাকুক এমন হাজারো দিনের সোনালি স্মৃতিগুলো। আর হ্যাঁ, একজন মানুষ যতই দূরে যাবে, নিরিবিলি পরিবেশে অবস্থান করবে এবং প্রকৃতিকে দেখবে। ততই তার জানাশোনার পরিধি বাড়বে, মনটা সতেজ হবে। কেননা, পৃথিবীর একেকটি স্থান একেকটি বৈশিষ্ট্যের অধিকারী। আর চিত্তবিনোদনের পাশাপাশি এমন সব স্থানে চিন্তাশীলদের জন্যও রয়েছে চিন্তার বিষয়। গবেষণার বিষয়।
অতএব, আমাদের কর্মব্যস্ত ও পেরেশানিময় জীবনে উচিত কিছু কিছু সময় উপভোগ করা ও উদযাপন করা। তাই কর্মব্যস্ততা শেষে পড়ন্ত বিকেলে, ছুটির দিনে, প্রকৃতির প্রশান্তিময় পরিবেশে কিছুটা সময় উপভোগ করি, হৃদয়ের সতেজতা ফিরিয়ে এনে আমাদের মনকে সতেজ করার চেষ্টা করি। আমাদের জীবন হোক প্রকৃতির মত সতেজ, সুন্দর, নির্মল ও প্রাণবন্ত।
