কৃষক
গিয়াস হায়দার

ঝড়ে ভিজে রোদে পুড়ে
ফসল ফলায় চাষি
ঋণের টাকায় ফলান ফসল
কষ্ট রাশি রাশি

ছেঁড়া জামা কাদা গায়ে
মাঠে ঝরান ঘাম
জাতির কাছে খোঁজে তারা
ফলের উচিত দাম।

কৃষক জাতির সোনার ছেলে
কৃষক জাতির প্রাণ
পরিশ্রমে ঘাম ঝরিয়ে
গায় যে দেশের গান।

উজাড় করে ভালোবাসে
কাদা মাখা গায়ে
বেলা শেষে আমার চাষি
হাঁটে খালি পায়ে।

আমার দেশের কৃষক শ্রমিক
জাতির সোনার ছেলে
বন্যা-খরায় হারায় ফসল
দুখের কপাল এলে।

 

 

 

আগডুম বাগডুম
সাঈদুর রহমান লিটন

চোখে মুখে হাসি খুশি ওই খোকা চললো
নেচে গেয়ে সব পেয়ে নানা কথা বললো।
আগডুম বাগডুম কত কথা জানে যে
চাঁদ ওঠা মুখে তার চেয়ে থাকি পানে যে।
বল পায়ে বল দিয়ে মারে জোরে বল যে,
গোল দেয় বোল দেয় কত কত কল যে।
পায়ে পায়ে খেলে খোকা চেয়ে থাকে দেশটা
জয় পেতে জয় নিতে করে খোকা চেষ্টা।

জয় পেলে ভয় যায় মুখে ফোটে হাসি যে,
ফুল সম সেই মুখ কত ভালোবাসি যে,
আমাদের সেই খোকা আছে কত দূরে যে
ভাবি যবে সেই মুখ মন শুধু পুড়ে যে।

 

 


বৃষ্টি হলে পরে
হাফিজ ইবনে মাহমুদ

বৃষ্টি হলে পরে,
থাকতো কি মন ঘরে?
আমার ছাতা-কচুর পাতা
মাথায় করে করে,
দেখতে হবে কোথায় পানি গড়ে।

ভাবতো কে তা ডরে?
দুলাল শুয়ে জ্বরে,
ভিজলে যে গা, দেখলে যে মা-
দাঁত ফেলিবে চড়ে!

হোক যা হবে পরে,
চড়ে কি কেউ মরে?
হয়তো বেলাল, পেতেছে জাল
দেখছি না তাই ওরে!
জানতে হবে কোথায় ও মাছ ধরে।

 

 


শরৎ রানী
মুহিব্বুল্লাহ ফুয়াদ

মেঘের ভেলায়
হেলায় হেলায়
রোদের দুপুর
পড়ছে নূপুর
তাপের খেলায়
কাশের মেলায়

সারি সারি
ব্যাঙের বাড়ি
রঙিন শখের
শুভ্র বকের
নাচের বেলায়
গুটিগুটি
টেংরা পুঁটি
দাঁত চিবিয়ে ভাসে
শরৎ রানী
বদনখানি
ছড়িয়ে দিয়ে হাসে।

 

 


খুশবু
গোলাম আযম খান

খুশবু ছড়ায় ফুল বাগিচায়
কঁচি পাতার ফাঁকে,
তার পরশে মনের কোণে
স্বপ্ন হাজার আঁকে।

পুবাল হাওয়ার মুচকি হাসি
দেখতে পারি ঠোঁটে,
জান্নাতি ফুল মায়ের কোলে
পাঁপড়ি হয়ে ফোটে।

খুশবু মেখে গাছের শাখায়
পত্র পাতার ভাঁজে,
উদোম গায়ে পোশাক পরে
নতুন করে সাজে।

বারেক ফিরে চেয়ে দেখে
দিতে থাকে দোল,
ফুলে ফুলে যায় ভরে যায়
শূন্য মায়ের কোল।

 

 

শরৎ এলে
শাহ মুহাম্মদ আব্দুল্লাহ

ঋতু রানী শরৎ এলে
ফুল পাখিরা হাসে,
নানা রকম বিচিত্রতায়
প্রকৃতিতে ভাসে।

নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল,
মুক্ত হৃদয় তৃপ্ত করে
মন করে চঞ্চল।

সন্ধ্যা হলেই গন্ধে ভাসে
শিউলি ফুলের বন,
মন মাতানো সুবাসেতে
তৃপ্ত যে হয় মন।

নদ নদীর ওই দুই পাশেতে
ভরে শুভ্রাকাশে
মনোরম এই পরিবেশে
মনে তৃপ্তি আসে।

 

 


ভাদ্র মাসে
রাসেদুল হাসান রাসেল

ভাদ্র মাসে
তাল পাকে,
গন্ধে করে মৌ মৌ
নদীর জলে
কলসি ভরে,
পল্লী গাঁয়ের রাঙা বৌ।
ভাদ্র মাসে
সাদা রঙের,
কাশফুলেদের মেলা
এই ছায়া
এই মায়া
রোদ বৃষ্টির খেলা।