দেশটা
মুস্তাফা ইসলাহী
দেশটা মুক্তিসেনার
জীবন দিয়ে কেনার
লক্ষ প্রাণের রক্ত দিয়ে তৈরি নিশান, ব্যানার।
দেশটা বাংলাভাষার
স্বপ্ন বোনা আশার
সুখ-আনন্দ, দুঃখ-ব্যথা, কান্না এবং হাসার।
দেশটা হাজার গানের
শস্য ফসল ধানের
পাহাড় সাগর ঝরনা হাওর নদীর কলতানের।
দেশটা শিল্পী কবির
মনভুলানো ছবির
ভাষা এবং দেশের প্রতি সবার মায়া গভীর।
দেশটা তোমার আমার
বাবা মায়ের মামার
সবাই মিলে দেশটা গড়ি নেই যে সময় থামার।
পাতাদের সংসার
মুহাম্মদ নূর ইসলাম
পাতাদের সংসারে ফুটেছিলো ফুল
মৌমাছি প্রজাপতি ছিল মশগুল,
আরো ছিল পাখিদের রোজ আনাগোনা
জাল ছিলো মাকড়সার নিখুঁত বোনা,
আরো ছিল ছোট ছোট কচি কচি পাতা
বয়স্ক পাতাদের গায়ে ছিল ছাতা।
পাতাদের সংসারে ধরেছিল ফল
এমন ঘটনা নয় প্রাচীন বিরল!
ফুল ফলে ভরা ছিল পাতাদের সার
মউ মউ ঘ্রাণে ভরা রূপের বাহার,
হুট করে একদিন বোশেখের ঝড়ে
পাতাদের সংসার হলো নড়বড়ে।
ফুল ফল ডাল ডগা বুড়ো কচি পাতা
ঝরেছিল যারা ছিল সংসারে গাঁথা,
মৌমাছি প্রজাপতি পাখিদের দল
কেঁদেছিল তারা সব ফেলে আঁখিজল!
দুর্দিন এসেছিল পাতাদের ধারে
অনেকেই মরেছিল রোগে অনাহারে।
স্মৃতির নানুবাড়ি
নাঈম মোহাম্মাদ
নানু বাড়ির পুকুর ঘাটে
বসতে লাগে বেশ,
বিকালটা ঠিক পার হয়ে যায়
স্মৃতি হয় না শেষ।
উঠোন কোণের বাগানটাতে
ঝুলছে কত ফল,
মন পাড়াতে তাই উড়ে যায়
সুখ পাখিদের দল।
শীতটা এলে নানুর বাড়ি
ইষ্টি যখন হই,
পিঠা পুলির গন্ধে খুবই
মন মঝিয়ে রই।
আজও মনে ইচ্ছে জাগে
দেখতে নানুর মুখ,
স্মৃতির পাতায় উড়ে উড়ে
ছড়ায় হৃদের সুখ।
বিজয় মানে
মোখতারুল ইসলাম
বিজয় মানে
নতুন ফোটা ভোর,
বিজয় মানে
খুলল আঁধার দোর।
বিজয় মানে
নতুন সূর্য দেখা,
বিজয় মানে
স্বাধীন পথের রেখা।
বিজয় মানে
নতুন ফুলের হাসি,
বিজয় মানে
গানের সুরে বাঁশি।
বিজয় মানে
নেইতো কোনো ভয়,
বিজয় মানে
হলো সবার জয়।
বিজয় মানে
অধীনতার শেষ,
বিজয় মানে
নতুন বাংলাদেশ।
বিজয় মাস
ইভা জান্নাত
শান্ত নদী ফুল ফসলে
শ্যামল পরিবেশ,
সব মানুষের হৃদে আঁকা
সোনার বাংলাদেশ।
বাংলা আমার জন্মভূমি
নইতো পরবাসী,
রক্তে কেনা বাংলাকে তাই
ভীষণ ভালোবাসি।
লাল সবুজের সমারোহে
হাসছে চারিপাশ,
স্মৃতি গাঁথা বাংলা মায়ের
এই সে বিজয় মাস।
তাইন কবির
হাসু কবির
নামটি খোকার তাইন কবির
দেখতে ফাইন লাগে
দেখলে হৃদে মায়া জাগে
গভীর অনুরাগে।
মুচকি হাসি লেগেই থাকে
খোকার কচি মুখে
দুঃখ ব্যথা যায় হারিয়ে
তুলে নিলে বুকে।
দুষ্টামি কেউ করে যখন
খিলখিলিয়ে হাসে
খুব খুশি হয় কেহ যদি
একটু ভালোবাসে।
স্বভাব আচার মিষ্টি ভারী
শান্ত প্রতিক্ষণে
কাছে দূরে যেথায় থাকি
বসত খোকার মনে।
শীত এসেছে
শরিফ আহমাদ
শীত এসেছে শীত এসেছে
কচি ঘাসের পাতায়
ঘাসফড়িংয়ের ছোটাছুটি
নিজ সীমানা মাতায়।
শীত এসেছে শীত এসেছে
জল শুকানো বিলে
অতিথি পাখির আনাগোনা
যায় ছুটে গাংচিলে।
শীত এসেছে শীত এসেছে
সবজি ভরা মাঠে
শীতের কাপড় গায় জড়িয়ে
আনন্দে দিন কাটে।
শীত এসেছে শীত এসেছে
ভাপা পিঠার ভাঁজে
শীতের মজা যাক ছড়িয়ে
সব মানুষের মাঝে।
শীতের পিঠা
তাজইনা তাসনীম
শীতের ছুটি হলে এবার
মামার বাড়ি যাবো,
মামার বাড়ি দাওয়ায় বসে
পিঠা পায়েস খাবো।
পুলি পিঠা, ভাপা পিঠা
খাবো রসের পিঠা,
চন্দ্রপুলি, চিতাই, ধুপি
খেতে লাগে মিঠা।
পাটিসাপটা, নকশী পিঠা,
পিঠা ঝালে ভরা,
সবাই এসো পিঠা খেতে
এসো করে ত্বরা।
