চড়ুইবাতি
আসাদ সরকার

মনে পড়ে গ্রামের স্মৃতি
মায়ের আদর স্নেহ প্রীতি
ডাঙ্গুলি আর লাটিম খেলা
খালে বিলে শাপলা তোলা
বিলের জলে ভাসে ভেলা।।

মনে পড়ে সেই সে স্মৃতি
বাবার আদর স্নেহ প্রীতি
বরই খেতাম ঢিল যে ছুড়ে
নাচে গানে হেলেদুলে
পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে।।

বকুল ফুলের মালা গাঁথি
গলে দিত খেলার সাথী
বড়শি দিয়ে মাছ ধরে
কলাগাছের পাতা ঘরে
কাটতো মজার বেলা
চড়ুইভাতির কত্ত মজার খেলা।

 

শীতের পিঠা
শাহজালাল সুজন

শীতের সকাল মিষ্টি রোদে
সূর্যি মামা ডাকে,
খোকা-খুকি জলদি ওঠে
শব্দ করে কাকে।

ভোরের বেলা বায়না ধরে
খেজুর রসের আশে,
দাদী নাতি গল্প করে
হঠাৎ গাছি পাশে।

ছোট্ট সোনা খাবে পিঠা
থাকে মায়ের পিছু,
দাও যে পিঠা তাড়াতাড়ি
বলবে না আর কিছু।

তেলের পিঠা দুধের পিঠা
পিঠার হিড়িক পড়ে,
হরেক রকম পিঠা তৈরি
শীতের দিনে ঘরে।

হৈ হুল্লোড় উৎসব আর
চলে গ্রামের বাড়ি,
শিশু বৃদ্ধ খায় যে পিঠা
বসে পিঁড়ির সারি।

 

শীতের সকাল
শরিফ আহমাদ

শীত সকালে
হিম কুয়াশায় দেশ প্রকৃতি
ঢাকা
গরম কাপড় গায়ে সবার
স্বপ্ন চোখে আঁকা
ব্যস্ত সড়ক ফাঁকা।

শীত সকালে
সূর্য অলস ধীরে জ্বালায়
আলো
কৃষক ছোটে মাঠের কাজে
যায় কেটে ঘোর-কালো
রোদটা লাগে ভালো।

শীত সকালে
খেজুর গাছে দোলে রসের
হাঁড়ি
পিঠাপুলির চলে উৎসব
কুটুম আসে বাড়ি
শীতের মজা ভারী।

 

নীল সাদা এলোমেলো
মুহাম্মদ শেখ মূসা

ওই দূরে চেয়ে দেখো মা,
আকাশের গায়ে পরা
মেঘের জামা।

নীল-সাদা এলোমেলো
নদীজলে টলোমলো
করে যায় খেলা,
বৈঠা চালায় মাঝি
নাও করে নাচি নাচি
ঢেউয়ের মেলা।

পাড় ঘেঁষে ফুল হাসে
মৃদু হাওয়া দোলে,
প্রভাতের আলো ফোটা
হেসে চোখ খোলে।

বাংলার আলো-হাওয়া
খুব ভালো লাগে,
মনে প্রাণে মিষ্টতা
থাকে অনুরাগে।

 

খোকার স্বপ্ন
আল আমিন সাইদ

ঘুমের ঘোরে ছোট্ট খোকা
মাথায় পরে তাজ,
কত্ত বিশাল রাজ্য খোকার
নেই কোনো আন্দাজ।

উজির নাজির লাখো সেনা
আরো কত ঝলক,
ফল ফলাদি হাতের নাগাল
ফেলতে চোখের পলক।

ঘোড়ায় চড়ে রাজ্য ঘুরে
করতে নজরদারি,
রণাঙ্গনে উঁচায় খোকা
সাহসী তরবারি

মায়ের ডাকে ভাঙল হঠাৎ
স্বপ্নপুরীর সুখ,
স্বপ্নভঙ্গে সাতসকালে
গোমরা খোকার মুখ।

 

সূর্য মামা
মো: মিজানুর রহমান

পুব গগনে উঠছে হেসে
ওই যে সূর্য মামা,
সর্বখানে আলো দিয়ে
পরবে রাতের জামা।

আমরা যদি মামার মতো
উঠতে পারি হেসে,
কর্ম করলে রবের রিজিক
আসবে ভেসে ভেসে।

মামার মতো নিয়ম মেনে
চলি যদি নিত্য,
রোগ জরা নয় প্রশান্তিতে
ভরে উঠবে চিত্ত।

সূর্য মামার মতো যদি
ছড়াতে চাও আলো,
উদ্যমী হও সকল কাজে
রাখবে আল্লাহ ভালো।