শিশুমন ছুঁয়ে যাই
মীর ইসরাত জাহান
শিশুমনে কত আশা কত কথা বলে চোখে চোখে!
অবিরত ছোটাছুটি গুণীপনা কে বা তাকে রোখে?
কুরআনেরই সুরে ভোলা চুপিসারে দোলা দেয়া ঠোঁটে
মনে প্রাণে ছুঁয়ে একি! কী সুখে যে ভিটা ভরে ওঠে।
ছোট ছোট কথামালা নানুমনা কী বোঝাতে বলে!
ধীরে পায়ে হেঁটে হেঁটে পাড়া ঘরে চলে টলোমলে।
জানালাতে বসে থাকা দূর আকাশে মেলা চোখে ভাবে
বড় হয়ে ওই আকাশে সোনারঙা পাখা ছুঁঁতে যাবে?
কখনো বা আনমনে হাতে ছোঁয়া বৃষ্টিতে ভেজে
কখনো বা জিতে যাওয়া খেলাধুলা হেসে ওঠে তেজে।
শিশুমনে সরলতা মমতাতে বেঁধে রাখি সবই
স্মৃতিময়ী গোপনে যা ইতিহাসে ফ্রেমে আঁকা ছবি।
অচেনা বন্ধু
লাবনী খানম
রূপের ঘাটে বইসা আছে
মানুষ না কি জিন?
রূপ দেখিয়া মুগ্ধ হলাম
হৃদে বাজে বীণ।
ওহে! ওহে! রূপের কুমার
কোথায় চলে যাও?
সুখের নাওয়ে লইয়া এবার
সুখেরই গান গাও।
কোথায় তোমার নিবাস বন্ধু
জানতে ইচ্ছে হয়,
হারাও যদি দূর-দেশেতে
তাই তো জাগে ভয়।
আকাশ-বাতাস সাক্ষী ওরা
তুমি প্রাণের স্বর,
ছাইড়া গেলে মইরা যাবো
কইরো না গো পর।
প্রেমের চাবি দিলেম তোমায়
সঙ্গে আমায় লও,
যুগ জনমের সাথী হয়ে
অতি আপন হও।
হাসুক শীতে
সৌরভ দুর্জয়
পাশের বাড়ির বন্ধু আমার খালি গায়ে থাকে,
শীতের কাপড় কিনে দিতে বায়না ধরে মাকে।
মায়ে থাকে ক্ষুধা পেটে কোথায় পাবে টাকা,
চুলোর উপর খালি হাঁড়ি করে শুধু খাঁ-খাঁ।
শীতে কাঁপে বন্ধু আমার এলে গভীর রাত,
তবু বন্ধু পাতে না তো কারো কাছে হাত।
আমরা পরি গরম কাপড় থাকি অনেক সুখে,
পিঠা-পায়েস খেতে থাকি হাসি খুশি মুখে।
ওঠো সকল ধনী মানুষ আর থেকো না বসে,
অভাবীদের সেবা করার এই তো সময় লাগে।
দাও না কিনে গরম কাপড় শীতে যারা কাঁপে,
হাসুক তারা একটুখানি শান্তি পেয়ে তাপে।
ভোগের মধ্যে নাই তো শান্তি ত্যাগে আছে সুখ,
সবার ত্যাগে হাসুক শীতে অভাবীদের মুখ।
খোকার ঘোড়া
আবরার নাঈম
বাবার কাছে বায়না খোকার
কিনতে হবে ঘোড়া,
খট খট খট ঝড়ের বেগে
চলবে উরাধুরা।
ঘোড়ায় চড়ে ছোট্ট খোকা
ইশকুলেতে যাবে,
তাই না দেখে সব শিশুরা
ভীষণ মজা পাবে।
বাবা বলেন, পড়াশোনা
করেন ভবে যে জন,
বড় হয়ে গাড়ি ঘোড়ায়
চড়ে ঠিকই সে জন।
কিনবে ঘোড়া নিজে তুমি
হবে যখন বড়ো,
সময় এখন পড়াশোনার
মন দিয়ে তাই পড়ো।
শীতের দিনে
রুহুল আমিন রাকিব
শীতের দিনে হয় না যেন
সকাল কিংবা দুপুর
সূর্য মামা খুবই আলসে
পরে ঘুমের নূপুর।
যায় না বোঝা কোনো কিছু
কাছে কিবা দূরে
খুঁজতে আহার পাখিগুলো
ঝাঁকে ঝাঁকে উড়ে।
সাদা সাদা ধোঁয়া উড়ে
আকাশ মাটির বুকে
খেটে খাওয়া মানুষগুলোর
দিন কেটে যায় দুখে।
ছেলে বুড়ো সবাই মিলে
ভাপা পিঠা খায়
ভীষণ কাবু শীতে সবাই
শহর কিবা গাঁয়।
গরম কাপড় গায়ে সবাই
চায় পেতে চায় উম
অপেক্ষাতে থাকে সবাই
ভাঙতে সূর্যর ঘুম।
