অচেনা বন্ধু
লাবনী খানম

রূপের ঘাটে বইসা আছে
মানুষ না কি জিন?
রূপ দেখিয়া মুগ্ধ হলাম
হৃদে বাজে বীণ।

ওহে! ওহে! রূপের কুমার
কোথায় চলে যাও?
সুখের নাওয়ে লইয়া এবার
সুখেরই গান গাও।

কোথায় তোমার নিবাস বন্ধু
জানতে ইচ্ছে হয়,
হারাও যদি দূর-দেশেতে
তাই তো জাগে ভয়।

আকাশ-বাতাস সাক্ষী ওরা
তুমি প্রাণের স্বর,
ছাইড়া গেলে মইরা যাবো
কইরো না গো পর।

প্রেমের চাবি দিলেম তোমায়
সঙ্গে আমায় লও,
যুগ জনমের সাথী হয়ে
অতি আপন হও।

 

রূপসী বাংলা
উসমান আফফান

এই যে স্বদেশ, দেশের মাটি
সবুজ ঘেরা বন,
মাঠে সোনার ফসল দেখে
জুড়ায় দু’নয়ন।

সবুজ পাতার ফাঁকে ফাঁকে
নানান পাখির বাস
আহা! কত মধুর ছবি
মুগ্ধ বারোমাস।

এদিক থেকে ওদিক থেকে
ভেসে আসে ঘ্রাণ,
বুনো ফুলের গন্ধে সদা
নিত্য ভরে প্রাণ।

ফুল-পাখি আর ফলে ভরা
আমাদের এই দেশ,
লাল সবুজের সোনার বাংলা
নেই কো রূপের শেষ।

 

সবুজ গাঁয়ে
কাজী নাজরিন

শান্ত স্নিগ্ধ সবুজ গাঁয়ে
ভাটিয়ালি গান
ডালে ডালে সুরে সুরে
পাখির কলতান।

রাখাল ছেলে নদীর তীরে
বাজায় সুরে বাঁশি
আলতা মেখে নূপুর পায়ে
ঝিলিক মেয়ের হাসি।

বৃষ্টিস্নাত শেষ বিকেলে
বাড়ির উঠোন ফাঁকা
দাদুর সাথে গল্পে গল্পে
আড্ডা আদরমাখা।


খোকার ঘোড়া
আবরার নাঈম

বাবার কাছে বায়না খোকার
কিনতে হবে ঘোড়া,
খট খট খট ঝড়ের বেগে
চলবে উরাধুরা।
ঘোড়ায় চড়ে ছোট্ট খোকা
ইশকুলেতে যাবে,
তাই না দেখে সব শিশুরা
ভীষণ মজা পাবে।

বাবা বলেন, পড়াশোনা
করেন ভবে যে জন,
বড় হয়ে গাড়ি ঘোড়ায়
চড়ে ঠিকই সে জন।

কিনবে ঘোড়া নিজে তুমি
হবে যখন বড়ো,
সময় এখন পড়াশোনার
মন দিয়ে তাই পড়ো।

 

দূরের মাঠে
অপু বড়ুয়া

ভোরে উঠেই দেখতে পেলাম
একটি শালিক পাখি
তাই তো আমার মন ছুটে যায়
কেমন ঘরে থাকি।

আজ যাবো না বাইরে কোথাও
ভাবছি মনে মনে
হঠাৎ দেখি দু’টি শালিক
খেলছে নীরব বনে।

দু’টি শালিক দেখেই আমার
নাচল পরান সুখে
মন হারালো দূরের মাঠে
ফুটলো হাসি মুখে।

 

কুটুম পাখি
জাহাঙ্গীর চৌধুরী

ডাকে না আজ কুটুম পাখি
কুটুম কুটুম বলে
আসে না যে নানা আমার
নিয়ে পিঠার থলে।

নানি বানায় শীতের পিঠা
অনেক মজা করে
আমরা সবাই খেতে খেতে
খুশির ঝর্ণা ঝরে।

ডাকরে ওরে কুটুম পাখি
গোমড়ামুখো চাই
নানা আসলে পিঠা খাব
সকলে তাই তাই।

ইষ্টিকুটুম না আসিলে
ভালো রান্না হয় না।
ভালো রান্না না করিলে
আমার তাতে সয় না।

 

লুকোচুরি
তাজইনা তাসনীম

সূর্য লুকায় রাতের বেলা
দিনে লুকায় তারা,
জোনাক দিনে কোথায় লুকায়
ভেবে হলাম সারা।
পাতার বুকে লুকায় ফুল
নদীর বুকে মাছ,
আলো ছায়ার লুকোচুরি
খেলার সাথী গাছ।
মেঘের বুকে লুকায় চাঁদ
বাবার বুকে আমি,
লুকোচুরির এমনি খেলা
চলছে দিবস যামী।