আমাদের প্রথম পাঠশালা মায়ের কোল।
তারপর সেই বিদ্যায়তনটা বড় হতে হতে
পিতা দিদি দাদা
পড়শির উষ্ণতায় ভরে যায়।
ভরে যায় আত্মীয় স্বজনের মুগ্ধ আদরে।
শেখা শুরু হয় ছোট বড় শব্দ।
চেনা শুরু হয় প্রকৃতির নানা উপাদান।
সুরের মায়ায়, ছন্দের দোলায়
কখনও কেঁদে ওঠা চোখে সান্ত্বনার ভাঁজে
কখনও হঠাৎ চাঁদ পাখি দেখার
বিস্ময়ের ঘোরে।
পরিচয়ের ধারাবাহিকতায় , চেনার আনন্দে
পৃথিবী খুলতে থাকে এক একটা পৃষ্ঠা-
অবাক আবিষ্কার এসে ভর করে
ছোট ছোট চোখে-কোমল মনে।
ঘর বাড়ি সম্পর্ক সবুজ গাছপালা
পাখিদের নাম , ফুলের সুবাস
আমরা কত কিছু শিখতে থাকি।
প্রাণের ভাষা বাংলা ভাষার বাহনে চড়ে
আমাদের অন্তর পূর্ণ হতে থাকে
কানায় কানায়।