ঝিঙে ফুলের মাছা
মাহমুদ সালিম

বাড়ির কাছে পুকুর পাড়ে
ঝিঙে ফুলের গাছ
হলুদ রঙের ফুল ফুটেছে
পুকুর ভরা মাছ।

টুনটুনিটা ডাকছে বসে
ঝিঙে মাছার ফুলে
আহা কী যে দেখতে দারুণ
ঝিঙেগুলো দুলে।

গাঁয়ের মাঝে যাই হারিয়ে
দেখে পরিবেশ
শস্য শ্যামল রূপের রানী
আমার বাংলাদেশ।

নদীর দু’ধার ঘেঁষে আমার
ছোট্ট সোনার গাঁও
ব্যাকুল মনে পণ করেছি
হারিয়ে যাবো না।

 

চির সবুজ খাঁটি
আনোয়ার আল ফারুক

আকাশ যখন কেঁদে ঝরায় বৃষ্টি ফোঁটা
নেচে উঠে বন বনানীর ফুলের বোঁটা,
ঈগল পাখি নীলাকাশে মেলছে ডানা
তিড়িং বিড়িং নাচ তুলছে বকের ছানা।

বৃষ্টি ফোঁটায় গা ভেজালো বনের কেয়া
শখের বৈঠায় গাঙ নদীতে চলছে খেয়া,
চরের বুকে আসর জমায় সারস পাখি
মেঘের কোলে সুয্যি মামায় লুকায় আঁখি।

পাপড়ি মেলা হাসির ঝিলিক কদম ফুলে
ঢেউয়ের খেলা আঁচড়ে পড়ে নদীর কূলে,
কলমি ডগায় পানকৌড়িদের মিলন মেলা
ঝরঝর ঝর বৃষ্টি ঝরায় সারাবেলা।

জালের মাঝি জাল ফেলেছে নদীর জলে
বাড়ির উঠোন ভাসে থইথই বানের ঢলে,
গুড়ুম গুড়ুম আকাশ মেঘে ভীষণ ডাকে
নদীর জলে সাঁতরে বেড়ায় মাছের ঝাঁকে।

মেঘলা আকাশ বৃষ্টি ঝরায় দিন ও রাতে
গাঁয়ের বধূর কাটছে সময় আলপনাতে,
মেঘ বৃষ্টি মাতিয়ে উঠে দেশের মাটি
দেশটা আমার চির সবুজ ও খাঁটি।

 

স্বদেশ মানে
সাকী মাহবুব

স্বদেশ মানে ভোরের আলো
পাখি ডাকা সন্ধ্যা
স্বদেশ মানে মানে দোলনচাঁপা
আর রজনীগন্ধা।

স্বদেশ মানে শাপলা শালুক
উড়কি ধানের খই
স্বদেশ মানে খোকা-খুকির
ফিরনি পায়েস দই।

স্বদেশ মানে পুকুর নদী
হাওড় বাঁওড় বিল
স্বদেশ মানে বকের সারি
ময়না টিয়া চিল।

স্বদেশ মানে পালতোলা নাও
রাখালিয়ার বাঁশি
স্বদেশ মানে সুনীল আকাশ
মায়ের মুখের হাসি।

 

বৃষ্টিমুখর দিন
মেহেরুন ইসলাম

মেঘ-চাদরে ঢাকল দুপুর
বৃষ্টি পড়ে টাপুরটুপুর।
ঝমঝমাঝম বৃষ্টি পানি
ডুবল পুকুর ডোবাখানি।

জলের নাচন খালে-বিলে
খেলছে সব কিশোর মিলে।
টেংরা-পুঁটি নতুন জলে
সাঁতরে বেড়ায় দলে-দলে।

ওদের পিছু দৌড়ে খোকা
ধরতে গিয়ে খাচ্ছে ধোকা।
রাখালছেলে ছুটছে জোরে
ভিজছে গরু মাঠে ওরে!

ভিজে কাবু বকের ছানা
খুঁজছে তবু খাবার দানা।
একলা দাদু দাওয়ায় বসে
জীবন খাতার হিসাব কষে।

ডিম খিচুড়ি মায়ের হাতে
ভাইবোনে খায় একি পাতে।
বৃষ্টিমুখর এমন দিনে-
কদম-কেয়ার মধুর ঘ্রাণে
রঙ লেগেছে সবার প্রাণে।

 

তরুণরা গড়বে এ দেশ
কাব্য কবির

তরুণরা গড়বে এ দেশ
দুর্নীতিকে রোধ,
দিনে দিনে উঠছে জেগে
ওদের বিবেক, বোধ।

গাছ লাগিয়ে স্বাধীন বাংলা
করবে সবুজময়,
হিমালয়ও করবে ওরা
ক’দিন পরে জয়।

রুখবে ওরা অপশক্তি
বাঁচাবে তবে দেশ,
বর্গি খতম করে সুস্থ
রাখবে পরিবেশ।

গুলির মুখে বীরের মতো
পেতে দেবে বুক,
গৌরবে তাই উঠবে জ্বলে
দেশও জাতির মুখ।