মাগো তুমি রাগ করোনা
মুখ করোনা কালো
একটি খুশির কাজ করেছি
বলবে তুমি ভালো।
জামা কাপড় সব দিয়েছি
কাজের মেয়েটাকে
আমার মতো সেও যেন
আনন্দেতে থাকে।
ওকে আমি সাজিয়েছি
জমকালো এক সাজে
আজ থেকে আর নেই ভেদাভেদ
ওর ও আমার মাঝে।
ঈদ উৎসবে নয় শুধু মা
মাঝে মধ্যে দিও
আমার জন্যে কিনলে কিছু
ওর খবরও নিও।
আমার সুখে তোমার যেমন
মন খুশিতে হাসে
ওর মা-বাবা ঠিক তেমনই
ওকে ভালোবাসে।
একটু ভাবো মাগো তুমি
আমার দিকে চেয়ে
কেমন হতো আমি যদি
হতাম কাজের মেয়ে!
