এভাবেই বলি---
ও বৃষ্টি, ও নদী, ও সরিষার ফুল
মৃন্ময় প্রণয়ে রাঙাও দু’চোখের পোড়া মানচিত্র
উল্টোস্রোতে ফিরিয়ে দাও ফেলে আসা কৈশোর

এভাবেই বলি---
ও আকাশ, ও নীল জোছনা, ও মেঘ বালিকা
কান্নার জলে ধোয়াও বিধ্বস্ত পানসির দুঃখগাঁথা
জীবন তটে ফিরিয়ে দাও প্রথম প্রেমের প্রথম অনুভূতি

এভাবেই বলি----
ও সুবহেসাদিক, ও সন্ধ্যাতারা, ও ধ্রুবতারা
হইও না বিরহী বধূর নির্লিপ্ত হাসি
হ’য়ো শাশ্বত কাব্যলোকে নির্ঝরিণীর নন্দিত কল্লোল

এভাবেই বলি ----
ও নীল বেদনা, ও বোবা কান্না, ও দীর্ঘশ্বাসের পদাবলি
হইও না বুনো ঝাউয়ের উন্মাদ হাওয়া
হইও আমার দেশের মহুরি গাঙয়ের অবগাহন সুখ

এভাবেই বলি---
ও সখা, ও ধুসর স্মৃতি, ও বন্ধু আমার
হইও না নির্জলা আকাশে গোত্তা খাওয়া ঘুড়ি
হইও উদাস কবি-র কবিতার খাতায়
দু’চার পঙক্তি লেখার সদিচ্ছা!