জীবনের একটি নতুন ভোর মানেই একটি নতুন আলো। একটি নতুন সূর্য, একটি নতুন সম্ভাবনা ও একটি আলোকিত দিগন্তের সূচনা। কেননা প্রতিটি সকালই নতুন নতুন কাজের বিপুল উৎসাহ নিয়ে উপস্থিত হয়। বিগত সময়ের ক্ষতি পূরণের সুযোগ সৃষ্টি করে দেয়। সব অসঙ্গতি ও অপূর্ণতা কাটিয়ে ওঠার সুবর্ণ সুযোগ নিয়ে আসে প্রতিটি নতুন ভোর।
এভাবেই দিন-রাতের এই গমনাগমন, সকাল-দুপুর-বিকেলের প্রাকৃতিক পরিবর্তন, সপ্তাহ-মাস-বছরের এই চক্রাকার আবর্তন বারবার মানুষকে জানান দেয় তার বেলা ফুরোবার কথা।
আমাদের দেহ-মনের পরিবর্তন আমাদেরকে বার্তা দেয়। আমাদের প্রিয়জনদের চলে যাওয়া আমাদেরকে বার্তা দেয়। বলে আমাদেরও বেলা ফুরোবার কথা।
সময়ের সমষ্টিই জীবন। এর ওপর নির্ভর দুনিয়া ও আখেরাতের চিরস্থায়ী জীবন। যে সময়টা আমাদের আল্লাহর স্মরণ ও তার রাহে ব্যয় হয়, সেটিই মানুষের জীবন। তা ছাড়া অন্য সময়গুলোকে জীবনের মধ্যে গণ্য করা অর্থহীন। যে যত দীর্ঘ জীবনের অধিকারী হোক না কেনো তার এই জীবন পশুর জীবন। যদি তার সময় উদাসীনতা, মনোবৃত্তি পূরণ ও মিথ্যা কামনায় কেটে যায় এবং তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো ঘুম ও অর্থহীন কাজে বলি হয়ে যায়। তাই প্রতিটি নতুন ভোরে আমাদের ভালো কাজের উন্নতির চেষ্টা করা, আমাদের উত্তম চরিত্রের প্রতি চেষ্টা করা উচিত। নতুন ভোরে বিগত সময়ের ঘটে যাওয়া ভুলভ্রান্তির জন্য মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং নতুন ভোরে বিগত সময়ের সেসব অপরাধ যেন আবার না হয়, সেসব ভুলগুলো যেন আবার না হয় সেই চেষ্টা করা।
আর কখনো যেনো আমাদের প্রতিটি নতুন ভোর ঘুমের ঘোরে, অলসতায় অতিবাহিত না হয়।
তাই তারুণ্যের কাছে নতুন ভোর মানে হোক, তার স্বপ্ন পূরণের আরো একটি সুযোগ। আরো একটি সোনালি ভোর। আরো একটি সোনালি দিগন্ত। আর তাই পেছনের ক্ষতিগুলো কাটিয়ে ওঠার দৃঢ় প্রত্যয় ও প্রতিজ্ঞা নিয়ে শুরু হোক আমাদের প্রতিটি নতুন ভোর; যা এক দিন আমাদের এই ক্ষতিগ্রস্ত পৃথিবীটাকে নতুন করে সাজাবে, আরেকটি নতুন পৃথিবী হিসেবে গড়ে তুলবে, গড়বে নতুন ইতিহাস।
অতএব, আমরা প্রতিদিনের নতুন ভোরে ঘুমের ঘোরে না থেকে, জীবনের সুন্দর, উজ্জ্বল, আলোকিত অধ্যায়ের সূচনার্থে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেই সব মোহ-মায়া, অনুরাগ-বিরাগ, দর্পণ-অহঙ্কার পুরনো কাপড়ের মতো ছুড়ে ফেলি। মহান আল্লাহর প্রতি সমর্পিত হই। তার বাণীকে সত্য বলে মেনে নেই। স্বচ্ছতার নতুন লেবাসে নিজেদের সজ্জিত করি। নতুন উদ্দীপনায়, নতুন আঙ্গিকে নিজেদের উন্নীত করি। আমাদের জন্য যেন প্রতিটি নতুন ভোর হয়, জীবনের আলোকিত এক নতুন আঙিনা বা অধ্যায়। কারণ আমরা জেগে উঠলেই পৃথিবীও জেগে উঠবে।
জীবনের একটি নতুন ভোর মানেই একটি নতুন আলো। একটি নতুন সূর্য, একটি নতুন সম্ভাবনা ও একটি আলোকিত দিগন্তের সূচনা। কেননা প্রতিটি সকালই নতুন নতুন কাজের...
