তিতাসের উচ্ছল ঢেউ থেমে গেছে হঠাৎ,
নীলিমার ভেতর থেকে ফোঁটা ফোঁটা অশ্র“রা মেঘ হয়ে নেমে আসে
গ্রাম থেকে নগরের সমস্ত পথে পথে...

ঈগলের ডানা কোথায় যেন আটকে গেছে
সবুজ বন, অদূর ঝাউবনে!
তারপর আহত নদী, ফুল, পাখি পেরিয়ে আসে কাবিলের বোন।
দক্ষিণে বিপন্ন মুখে দাঁড়িয়ে আছে কাঁঠালচাঁপার
গন্ধÑ
কাব্যের ডালপালা, এ কেমন প্রাণহীন বিপাশার মায়াবী দুচোখ।।

আমাদের ছোট্ট সবুজ যে গ্রামÑ সেখানে বখতিয়ারের ঘোড়া দাঁড়িয়ে আছে নিশ্চল।
সোনালী কাবিন আর আরব্য রজনীর রাজহাঁস আমার দুচোখে
কেমন তাকিয়ে ছিল দীর্ঘস্থায়ী শোক নিয়ে,
নোলক খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছেন আমাদের মা!

দেখি, কবি আল মাহমুদ হেঁটে যাচ্ছেন হৃদয়ে...
নিরিবিলি, পদশব্দহীন।