ঘুরে ঘুরে একই বৃত্তে আঁটকে আছি ;
কোথায় যাই, কোথায়?
ধুলোট ডাইনিংয়ে উচ্ছিষ্ট ইলিশের
কাঁটার মতো, উপোসী বিড়াল যেন,
ফেলে আসা শীতের বিছানায় ঈর্ষার মেঘ;
বর্শির নাইলন সুতায় গাঁথি শূন্যতার ছবি।

সেই যে কবে তিরিশ বছর আগেÑ
স্কুল ফাঁকি রোগে ভুগেছি, মনে পড়ে
কিশোরী ঠোঁটে লাল লিপস্টিক খাতায় মুছে
সাহসী মেয়ে হয়ে ক্লাসে ঢোকা!
সে সব স্মৃতির পাণ্ডুলিপি খেয়েছে ইঁদুর।
এখন শখের বশে সোয়াম্পের ভেতর নামতেই
দেখা হয় সর্পের সাথে, দংশন বিষে ছটফট করি।

দেহমাটির বিকেলে এ কোন বিপর্যয় জানি না;
আজকাল খুব ইচ্ছে হয় সামুদ্রিক মাছ হতে!
সাপেরা আমাকে মাঝে মধ্যে শব্দ ভিক্ষে দেয়,
আমি রাত সেঁচে অ্যান্ড্রয়েড বাটন চেপে চেপে
ক্লান্ত হই, পৌঁছে যাই ভিষেড়া টিউবে চড়ে
ফরেনসিক ল্যাবে, এই লাশটি আর কার হতে পারে?
এই লাশটি তোমাদের বকুলের।