প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই থেকে প্রকাশিত হয়েছে শিশু সাহিত্যিক ও ছড়াকার কাদের বাবু সম্পাদিত ‘বাংলাদেশের লেখক ডিরেকটরি’। সাহিত্যাঙ্গনে বইটি ইতোমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বইটি ২০১৯ সালে প্রথম সংস্করণ প্রকাশিত হলেও বর্তমান সংস্করণটি আরো বর্ধিত ও পরিমার্জিতভাবে আত্মপ্রকাশ হয়েছে। বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা ভাষার লেখকদের। বইটি লেখালেখির জগতকে আরো সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে। এক কথায়, বইটি প্রকাশের ক্ষেত্রে প্রকাশকের ব্যতিক্রম ও ভিন্নধর্মী প্রয়াসের প্রচেষ্টা; যা লেখকদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে সহায়তা করেছে। লেখকদের যোগাযোগের ক্ষেত্রে এক অপূর্ব মাধ্যম হলো বইটি।
৪৩২ পৃষ্ঠার বইটিতে রয়েছে বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে লিখে আসা লেখকদের সংক্ষিপ্ত পরিচিতি! যেখানে স্থান পেয়েছে কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক, কথাসাহিত্যিক, সাংবাদিক, চিত্রশিল্পী, গবেষক ও প্রাবন্ধিকের নাম। লেখক মূলত কী লিখেন সে হিসেবে তার পরিচিতি, জন্ম তারিখ-সাল-স্থান, প্রকাশিত বইয়ের সংখ্যা, উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম, রক্তের গ্রুপ, সেলফোন ও ই-মেইল ঠিকানা এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটির বিন্যাশেও পক্কতার পরিচয় পাওয়া গেছে।
বইটিকে সম্পাদক কাদের বাবু খুব চমৎকারভাবে সাজিয়েছেন আদ্যাক্ষর দিয়ে। ‘অ’ অক্ষর দিয়ে লেখক-কবি-সাহিত্যিকের নাম শুরু করে ধারাবাহিকতা বজায় রেখে শেষ হয়েছে ‘হ’ অক্ষর দিয়ে। এর পাশাপাশি রয়েছে প্রবাসী লেখক, কার্টুনিস্ট, সাহিত্য পত্রিকা, অনলাইন সাহিত্য, শিশু-কিশোর পত্রিকাগুলো এবং রয়েছে লিটল ম্যাগের খবরাখবর।
দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকাগুলোর মেইল ও ঠিকানা থাকায় প্রত্যেক লেখকের জন্য লেখা পাঠানো আরো সহজসাধ্য হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সব লেখকের সেলফোন থাকায় যোগাযোগ করা আরো সুন্দর ও সহজ মাধ্যমে পরিণত হয়েছে।
কাদের বাবুর সুন্দর মানসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্তে আমাদের সামনে চলে এসেছে লেখকদের ডিরেকটরি। বইটি দেখে রীতিমতো অভিভূত লেখক সমাজ কিংবা লেখালেখির জগতে পা রাখা ব্যক্তিদ্বয়। সব শ্রেণীর পাঠক ও লেখকদের একটা প্রত্যাশা থাকে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর প্রতি। সাধ আর সাধ্যের মধ্যে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয় না। দীর্ঘদিন পরে হলেও কাদের বাবু নিজস্ব প্রকাশনার উদ্যোগে কঠিন কাজটি করতে পেরেছেন। বইটি ১৯ সালে প্রথম সংস্করণ বের হলেও নতুন কলেবরে এ বছর আলাদা সংস্করণে বইটি প্রকাশে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। ব্যাপক সাড়া ফেলেছে লেখকদের মধ্যে। দেরিতে হলেও বাংলাদেশের লেখকদের সংক্ষিপ্ত পরিচিতিসহ পূর্ণাঙ্গ বাংলাদেশের লেখক ডিরেকটরি। প্রায় চার হাজার লেখকের সংক্ষিপ্ত পরিচিতির বইটিতে জনপ্রিয় সব লেখকসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের লেখকের পরিচিতি স্থান পেয়েছে বইটিতে; যা মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদী।
নব্বই দশকেও এমন একটি ডিরেকটরির জন্য অনেকের মনে স্বপ্ন নাড়াচাড়া দিয়ে উঠত। পত্রিকার পাঠক ফোরামের লেখকের সাথে যোগাযোগের জন্য ঠিকানা ও মোবাইল নম্বরের জন্য চেষ্টা করা হলেও সেটা ব্যর্থ হতো। যা হোক, লেখক কাদের বাবুর সুন্দর সাহসিকতার জন্যই পাঠক পর্যায়ে পৌঁছে যাবে বাংলাদেশের লেখক ডিরেকটরি।
মেধা ও শ্রম দিয়ে সুন্দর একটি উপহার পাঠকের মাঝে তুলে দেয়ার জন্য কাদের বাবুর প্রতি রইল গভীর ভালোবাসা, শুভেচ্ছা, শুভ কামনা আর অভিনন্দন!
শিশুসাহিত্যিক ও ছড়াকার কাদের বাবু বইটির পেছনে শ্রম, মেধা আর নিরলস সময় দিয়েছেন বলেই একটি সুন্দর কাজ উপহার দিতে পেরেছেন এবং একজন সফল সম্পাদক হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছেন। সতেরো ফর্মার বইটির মূল্য ধরা হয়েছে ছয়শত টাকা। রকমারি ডটকমে অর্ডার করলে সহজেই বইটি পেতে পারেন। বইটি আসলেই সংগ্রহে রাখার মতো!
