অন্ধকার স্তব্ধ করে দেয় রাতের লন
খুন করে দেয় ড্রিম লাইটের মৃদু আলো
খুন করে দেয় প্রণয়কোলাহল
তুমি যদি খানিকটা স্বপ্ন উসকে দাও
হেমন্তের জোনাকি হয়ে আলো ছড়াব নিশ্চয়ই
জানি, রক্তহিম করা শীত এলেই
জমে যাবে ধমনীর চলাচল
থেমে যাবে জাগতিক আয়োজন, নিত্যনৈমিত্তিক ব্যস্ততা
গরম ধোঁয়া ওঠা ভাতের মতো একটু আদর যদি
ছড়িয়ে দাও আমার লনের মেঝেয়
ঠিক দেখবে আমি হেমন্তের দোয়েল হয়ে
তাতেই লুটোপুটি খাচ্ছি
এই শহর আমার নয় জেনেও রোজ হেঁটে যাই
এসএসকে রোড, খেজুর চত্ব¡র, ট্রাঙ্ক রোড,
কখনো দ্রুত যানের চক্করে পড়ে থ হয়ে যাই
হোঁচট খেয়ে রক্তাক্ত হই,
অনর্গল উল্টোপাল্টা বকবক করি আপন খেয়ালে
তুমি যদি পশ্চিমের পথটা বাতলে দাও
দেখবে, তড়িৎ পৌঁছে গেছি নির্দিষ্ট গন্তব্যে,
আপন ঠিকানায়-
তারপর এই হেমন্তের শেষবেলায় লিখতে বসব
যা লেখা হয়নি কখনো সেরকমই প্রণয়কাব্য।