আদিল হোসেন নোবেল, দেশের সর্বজন স্বীকৃত নাম্বার ওয়ান পারফরমার। খুব সাধারণভাবে বলতে গেলে যাকে আমরা দেশের নাম্বার ওয়ান মডেল হিসেবেই চিনি জানি। স্টেজ, টেলিভিশন, বিজ্ঞাপন এবং অভিনয়ে বিগত তিন দশকেরও বেশি সময় ধরে যিনি এ দেশের কোটি কোটি দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। এতটা বছর পরে এসেও মডেল হিসেবে কারো নাম নিতে গেলে একজন আদর্শ মডেল হিসেবে কিংবা মডেলিং জগতের সেরা নাম হিসেবে নোবেলের নামটিই আসে সবার আগে। বহু বছর ধরেই তিনি নিজেকে যথযাথভাবে মেইনটেইন করে আসছেন বলেই আজও তিনি তার অবস্থানে অটুট আছেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে আগের মতো একের পর এক কাজ যে করছেন এমনটি নয়। আবার সাম্প্রতিক সময়ে এসে তাকে অভিনয়েও দেখা যাচ্ছে না। সব মিলিয়ে ভিজুয়াল মিডিয়ায় নোবেলের উপস্থিতি খুব বেশি নেই। কিন্তু তার পরেও নোবেলে দেশের নাম্বার ওয়ান মডেল বা পারফরমার। মাঝে মাঝে কিছু কাজ করেন যা নোবেল ছাড়া ভাবাই সম্ভব নয়। ঠিক তেমনটাই কখনো ভাবে না দেশের খ্যাতনামা ফ্যাশন হাউজ ‘ইনফিনিটি’। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে টানা শুধু এই ফ্যাশন হাউজেরই কাজ করে যাচ্ছেন তিনি। মাঝে অনেক ফ্যাশন হাউজেরই কাজ এসেছে। ‘ইনফিনিটি’র পক্ষ থেকে যে কোনোরকম চুক্তি ছিল বা নিষেধ ছিল, এমনটা নয়।
কিন্তু তার পরেও সেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করেননি নোবেল। তিনি কাজ করার স্বাচ্ছন্দ্যতা খুঁজে পান ‘ইনফিনিটি’র সঙ্গেই। এরই মধ্যে নোবেল ‘ইনিফিনিটি’র আগামী ঈদ কালেকশনস’র কাজে অংশ নিয়েছেন। তবে বিজ্ঞাপনে টুকটাক নোবেলকে এখনো দেখা গেলেও নাটকে আপাতত আর দেখা যাচ্ছে না। নতুন কাজ এবং নাটকে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘ইনফিনিটির সাথে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে আমার কাজ করা। দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে তাদের সঙ্গে সম্পর্কটা অনেকটাই পারিবারিক হয়ে উঠেছে। আমাকে ঘিরে তাদের স্পেশাল প্ল্যান থাকে সবসময়, আমিও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যথারীতি আগামী ঈদের জন্য তাদের কাজ করেছি। রাজধানীর বনানী শেরাটনে কাজ হয়েছে এবার। আমাকে নিয়ে তাদের প্ল্যান, পুরো ইউনিটের আন্তরিকতা এবং ভীষণ পরিপাটি গুছানো কাজ তাদের। সবমিলিয়ে তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট থাকি। আর আমি কিন্তু অভিনয়ের মানুষ নই। যা করেছি আসলে অনুরোধে করেছি। করতে করতে দেখলাম যে অনেক নাটকেই অভিনয় করা হয়েছে। তাতে আমার কাছে মনে হলো যে এটা ওভার ডো হয়ে যাচ্ছে। যে কারণে এখন আর অভিনয় করছিনা। তাছাড়া এরইমধ্যে কিছু স্ক্রিপ্ট এসেওছিলো। তাতে আমার কাছে নতুন কিছুই মনে হলোনা যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবে।’ আফজাল হোসেনের নির্দেশনায় নোবেল প্রথম ‘আজাদ বলপেন’র বিজ্ঞাপনে মডেল হন। তার অভিনীত প্রথম নাটক ছিলো আতিকুল হক চৌধুরীর ‘প্রাচীর পেরিয়ে’।



