জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদালতের আদেশের পর চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়া হচ্ছে।

বিকেল সোয়া ৪টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়ার জন্য রওয়ানা হয় পুলিশ। তবে প্রিজন ভ্যানে উঠার আগে পরীমনি গাড়িটিকে ‘নাইস গাড়ি’ বলে সম্বোধন করেন।

এর আগে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে দুপুর পৌনে ১২টার দিকে শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। অপরদিকে পরীমণির জামিন আবেদন করেন তার আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল পরীমণির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব। এ ঘটনায় পরের দিন পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে র‌্যাব।