কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এসেছেন। সরাসরি নুসরাতকে পেয়ে গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করেছিলেন তার সন্তানের বাবা কে? উত্তরে যশকেই সন্তানের বাবা হিসাবে ইঙ্গিত করলেন তৃণমূল কংগ্রেসের এমপি।
ভবানীপুরে একটি স্যালোঁ উদ্বোধন আয়োজনে বুধবার বিশেষ অতিথি হয়ে এসেছিলেন নুসরাত। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। তারাই নুসরাতের কাছে জানতে চেয়ে ছিলেন সন্তানের বাবা সম্পর্কে। নুসরাত বিব্রত না হয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছেন হাসি মুখে।
দিন কয়েক হলো ছেলের মা হয়েছেন এই অভিনেত্রী। এই ছেলের বাবা আসলে কে, এ নিয়ে যেন ভক্তদের ঘুম হারাম হয়ে গেছে। এদিনও পিছু ছাড়ল না ছেলের বাবার পরিচয়ের বিষয়টি। সাংবাদিকদের এ–সংক্রান্ত প্রশ্নের উত্তর হাসিমুখেই দিয়েছেন নুসরাত জাহান। তিনি বলেন, ‘২৬ আগস্টের আগে ও পরে আমার জীবনের সবকিছুই পাল্টে গেছে। আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি। এটা নতুন একটা জীবন বলতে পারেন। ছেলে ঈশানকে নিয়েই এখন সারাটা দিন কাটে।’
ঈশানের বাবার পরিচয়ের বিষয়ে নুসরাত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন। কারণ, এটা কারো চরিত্রে দাগ লাগিয়ে দেয়। বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি মা–বাবা হিসেবে। যশ ও আমার দারুণ সময় কাটছে।’
বাবা হিসেবে সরাসরি যশের নাম না বললেও বাবা প্রসঙ্গে নামটা আসায় পরোক্ষভাবে অনেকটা স্পষ্ট হয়ে গেল তার সন্তানের পিতৃপরিচয়। সন্তানের বাবার সঙ্গেই ঈশানের দেখভালের দায়িত্ব পালনের কথা বলেন নুসরাত। ঠিক পরের লাইনেই যশের নাম নিলেন এই অভিনেত্রী।






