বলিউড পাড়ায় একসময় সালমান খান ও ক্যাটরিনা কাইফকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যেতো। তারা বিয়ে করবেন; বিয়ের তারিখ ঠিক হবে শিগগিরই। এমন অনেক খবর। কিন্তু হঠাৎ করেই জানা যায় ক্যাটরিনা প্রেম করছেন রনবীর কাপুরের সাথে। এরপর থেকে সালমানের সাথে দূরত্ব বেড়ে গিয়েছিলো ক্যাটের। বছর খানেক পর সালমানের নতুন বান্ধবীর নাম প্রকাশ হয় গণমাধ্যমে। এরপর সালমান-ক্যাটের মধ্যে নতুন করে বন্ধুত্ব হয়।

কিন্তু এই বন্ধুত্ব কি ভিকি- ক্যাটরিনার বিয়ের পরও টিকে থাকবে? সালমান কি তাদের বিয়ের দাওয়াত পাবে? এমন অনেক প্রশ্ন সামনে এসেছে।

বলিউডে জোর গুঞ্জন, ভিকি আর ক্যাটের মালাবদলের সময় সালমান হাজির থাকবেন না। এর কারণ নাকি খ্যাতনামা চিত্রপরিচালক কবির খান। ক্যাটের বিয়েতে কবির আর তার স্ত্রী মিনি মাথুরের উপস্থিত থাকার কথা। কবির আর মিনির বাসায়ই দিওয়ালির সময় ভিকি-ক্যাটের বাগদানের আসর বসেছিল। কবির খানকে অত্যন্ত কাছের বন্ধু মনে করেন ক্যাটরিনা।

এই বলিউড নায়িকার সঙ্গে কবির খানের পারিবারিক সম্পর্ক। কবিরের পরিচালনায় ক্যাট ‘নিউইয়র্ক’, আর ‘এক থা টাইগার’ ছবি দুটি করেছিলেন।

কিন্তু ভাইজানের সাথে আবার কবিরের সম্পর্ক ইদানীং শীতল। ‘টিউবলাইট’ ছবির পর থেকেই তাদের সম্পর্কে তিক্ততা শুরু হয়। এখন পর্যন্ত তাদের সম্পর্ক স্বাভাবিক হয়নি বলে জানা গেছে। কবির খানের বাসায় আয়োজন করা হয়েছিল বলেই নাকি প্রিয় বন্ধু ক্যাটের বাগদানে যাননি সালমান। তাই ক্যাট-ভিকির বিয়েতে সালমানের উপস্থিতি নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন আছে।

সালমানের টিমের পক্ষ থেকে শোনা যাচ্ছে, ক্যাটের বিয়ের সময় ‘পাঠান’ আর ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন ভাইজান। আসলে শাহরুখপুত্র আরিয়ান খান মাদক-কাণ্ড মামলায় গ্রেপ্তার হওয়ার পর সালমান তাঁর সব ছবির শুটিং বন্ধ রেখেছিলেন।

এইসব ছবির শুটিং শুরু হবে এবার। নির্মাতারা সালমান আর শাহরুখের দৃশ্যগুলোর শুটিং আগে শেষ করবেন। কারণ, এরপর কিং খান ‘পাঠান’–এর জন্য স্পেনে পাড়ি জমাবেন। আর তাই ক্যাট-ভিকি বিয়েতে ভাইজানের হাজির থাকার সম্ভাবনা অনেকটা কম। তবে সালমান না থাকলেও তার পরিবার বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সালমানের বোন অর্পিতা আর ক্যাট একে অপরের ভাল বন্ধু।

জানা গেছে, সালমানের আরেক বোন আলভিরা অগ্নিহোত্রী আর মা সালমা খান এই বিয়েতে আসবেন।

খবর যে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ক্যাটরিনা আর ভিকির বিয়ের আসর বসবে। রাজস্থানের সোয়াই মাধোপুর অঞ্চলের সিক্স সেন্সেস ফোর্টে তাদের বিয়ের আসর বসতে চলেছে। এখন থেকেই দুই পরিবারের মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে।