আলজাজিরা
ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা- দুই দিকের চাপের মধ্যে পড়েছে ইরাক। বিশেষ করে ইরানি বিমান সংস্থাগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গিয়ে বাগদাদকে এক দিকে ওয়াশিংটনের সাথে সমন্বয় করতে হচ্ছে, অন্য দিকে তেহরানের সাথে দীর্ঘদিনের সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও বজায় রাখতে হচ্ছে।
চ্যাথাম হাউজের গবেষক হায়দার আল-শাকারি বলেন, ইরাকের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার ব্যাপারে যথেষ্ট আগ্রহী বলে মনে হয়েছে। তবে একই সময়ে ইরানের সাথে ইরাকের রয়েছে গভীর ও বহুমাত্রিক সম্পর্ক, যা সহজে উপেক্ষা করার সুযোগ নেই। আল-শাকারির ভাষায়, ইরাক ও ইরানের মধ্যে প্রতিদিনই বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বহু ফ্লাইট চলাচল করে। এসব যাত্রীর মধ্যে রয়েছেন শিক্ষার্থী, রোগী, ধর্মীয় দর্শনার্থী এবং ব্যবসায়ী।
তিনি আলজাজিরাকে বলেন, ইরানি বিমান সংস্থাগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার আওতা থেকে ইরাকের কিছু বিমানবন্দরকে অব্যাহতি দেয়ার বিষয়ে বাগদাদ বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করছে।
ইরান ও ইরাকের সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়। দুই দেশের মানুষের মধ্যে ধর্মীয় ও সামাজিক যোগাযোগও দীর্ঘদিনের। ইরানের বিভিন্ন শহর থেকে ইরাকের পবিত্র ধর্মীয় স্থানগুলোতে নিয়মিত যাতায়াত করেন বিপুলসংখ্যক মানুষ। একইভাবে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনেও দুই দেশের নাগরিকদের নিয়মিত সীমান্ত পার হতে হয়। এই বাস্তবতায় ইরানি বিমান সংস্থাগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা ইরাকের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। নিষেধাজ্ঞা মেনে চললে ইরান-ইরাকের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। আবার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সাথে অসহযোগিতা করলে ওয়াশিংটনের সাথে বাগদাদের সম্পর্কের ওপর চাপ তৈরি হতে পারে।
ইরাকের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে আঞ্চলিক যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তারের আশঙ্কার মধ্যে ইরাক নিজেকে এমন একটি অবস্থানে দেখতে পাচ্ছে, যেখানে তার ঘনিষ্ঠ প্রতিবেশী ইরান এবং গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র- দুই পক্ষের সাথেই সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। আল-শাকারি বলেন, বর্তমানে আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ চলছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ইরাক কার্যত দুই পক্ষের মাঝখানে আটকে গেছে।





