বিবিসি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে ব্রিটেনের সম্পর্কের নতুন ভিত্তি তৈরিতে জোটে পুনরায় যোগ দেওয়ার বিষয়টিকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, বিদ্যমান ব্রেক্সিট চুক্তির কারণে লাভের বদলে ক্ষতিই বেশি দেখা যাচ্ছে। তাই ইউরোপীয় ব্লকের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে সুনির্দিষ্ট কী পদক্ষেপ নেয়া যায়, তা খতিয়ে দেখতে চান তিনি। এর আগে গত পরশু লেবার পার্টির বার্ষিক সম্মেলনে বক্তব্যে বার্নহাম চলতি বছরের শেষদিকে নির্ধারিত বিলম্বিত সম্মেলনে ইইউর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রতিশ্রতি দেন। তার এই অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে কনজারভেটিভ পার্টি তার বিরুদ্ধে ব্রেক্সিট ইস্যু কেন্দ্রিক পুরনো ক্ষত আবার উসকে দেয়ার অভিযোগ এনেছে।
সাক্ষাৎকারে বার্নহাম বলেন, আগামী এক দশকে ব্রিটেনকে কোন অবস্থায় দেখতে চাই, সে বিষয়ে স্পষ্ট হওয়া জরুরি এবং এই আলোচনা ঝুলিয়ে রাখা সমীচীন হবে না। ইইউতে ফেরার বিষয়ে সরাসরি প্রশ্নে তিনি জানান, সব ধরনের পথ পর্যালোচনা করে দেখতে তিনি প্রস্তুত। অতীতের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি স্বীকার করেন যে নিজের জীবদ্দশায় এমন সিদ্ধান্তের কথা বলেছিলেন, তবে তা এখনই বাস্তবায়িত হতে হবে এমন নয়। তিনি বর্তমান পরিস্থিতিতে বহাল থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি, যদি জনগণ তা যথার্থ মনে করে। এ ছাড়া সাবেক চ্যান্সেলর জর্জ অসবর্নের প্রস্তাবিত কাস্টমস ইউনিয়ন, লিবারেল ডেমোক্র্যাটদের প্রস্তাবিত একক বাজার কিংবা পূর্বের পূর্ণাঙ্গ সদস্যপদে ফেরত যাওয়ার মতো প্রতিটি প্রস্তাবের ভালো-মন্দ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা ব্যক্ত করেন তিনি। মেকারফিল্ড উপ-নির্বাচন প্রচারণাকালে বার্নহাম ব্রেক্সিট পুনর্বিবেচনা না করা এবং ইইউতে না ফেরার যে অঙ্গীকার করেছিলেন, তার সাম্প্রতিক বক্তব্য তার থেকে স্পষ্ট সরে আসার বার্তা দেয়। এটি লেবার পার্টির ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারেরও বিপরীত, যেখানে একক বাজার বা কাস্টমস ইউনিয়নে যুক্ত না হয়ে ব্রেক্সিট বাস্তবায়নের কথা বলা হয়েছিল।





