বিশ্বজুড়ে করোনাভাইরাসের আক্রমণ দিন দিন প্রবল হচ্ছে। সবার একটাই জানতে চাওয়া ঠিক কবে নাগাদ করোনার টিকা আসবে বাজারে। কবে মানুষ মুক্তি পাবে এই ভয়াবহতা থেকে। 

বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহার জানাচ্ছেন, বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন ২০২১ সালের মধ্যভাগের আগে এই টিকা তৈরি হবে না।

অর্থাৎ করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এই টিকা তৈরি হতে সময় লাগবে ১২ থেকে ১৮ মাস।

এই টিকা তৈরিতে সারা বিশ্বে এপর্যন্ত গবেষকদের ৮০টি দল কাজ করছেন। কোনো কোনো দল এই টিকা এরই মধ্যে পরীক্ষায় ব্যবহার করতেও শুরু করেছে।

জেমস গ্যালাহার বলছেন, টিকা তৈরির গবেষণায় সাধারণত কয়েক বছর, এমনকি কয়েক দশকও সময় লেগে যেতে পারে। কিন্তু করোনাভাইরাসের টিকা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে।

টিকাটি নিরাপদ কিনা, মানব দেহে ব্যবহারের আগে সেটি নিশ্চিত হতে হবে, বলছেন তিনি, কিন্তু তার পরও প্রশ্ন থেকে যাবে এটি ঠিক কতখানি কার্যকর হবে।