জাপানের ওকিনাওয়া দ্বীপে স্থানীয় এক নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) এনবিসি নিউজ জানায়, ওকিনাওয়ার রাজধানী নাহা শহরের একটি হোটেলে শনিবার ৩৯ বছর বয়সী আন্না ইয়াগিকে হত্যা এবং তার মানিব্যাগ ও ব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ২০ বছর বয়সী মার্কিন মেরিন সেনা ডেভিন জেকব ব্যালার্ডের বিরুদ্ধে। স্থানীয় পুলিশ জানায়, ব্যালার্ড সেখানকার ফুতেনমা বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন। রোববার রাত ১টায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই মার্কিন সেনা।
এ ঘটনায় নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। টোকিওর মার্কিন দূতাবাস এক্সে এক বার্তায় জানায়, ঘটনার আসল রহস্য উন্মোচনে তদন্ত চলছে। তারা জাপান সরকার ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে পূর্ণ সহযোগিতা করছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি একে একটি নৃশংস ছিনতাই ও হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এমন ভয়াবহ ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে মার্কিন প্রশাসনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে জাপান সরকার।
অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে পোস্ট করে জানায়, মার্কিন মেরিন সেনার এই জঘন্য অপরাধে তারা গভীরভাবে ক্ষুব্ধ। মার্কিন সেনাসদস্যদের শৃঙ্খলা আরো জোরদার করা এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে তারা।





