দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র রোজা পালন ও ঈদ উদযাপন করে থাকে। এর ধারাবাহিকতায় এবারো দেশটিতে মঙ্গলবার শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা।

মালয়েশিয়ায় সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সোমবার রাতে প্রথম তারাবি নামাজ আদায় করা হয়েছে। এরপর সোমবার দিনগত রাতে সেহরি খেয়ে মঙ্গলবার প্রথম রোজা পালন করছেন মালয়েশিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা।

মালয়েশিয়ায় প্রাপ্ত বয়স্কদের জন্য রোজা পালন বাধ্যতামূলক। যদি কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান রোজা না রাখেন তাহলে দেশটির শরিয়া আদালতে বিচারের মুখোমুখি হতে হয়। এজন্য জরিমানাসহ কারাদণ্ডও দেয়া হতে পারে। তবে কেউ অসুস্থ কিংবা অনিবার্য কারণে রোজা রাখতে না পাড়লে তাকে শাস্তির মুখোমুখি হতে হয় না। শরিয়া আইনের কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশীসহ সকল মুসলিম অভিবাসী তাদের কর্মব্যস্ততার মাঝেও রোজা পালন করেন।

দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক চীনা ও ভারতীয় তামিল বংশোদ্ভূত জনগোষ্ঠী বাস করেন। এই রমজানে শুধু তাদের জন্য রেস্তোরাঁ, খাবার দোকান, ফুড কোর্ট সব সময় খোলা থাকে। এসব খাবার দোকানে মুসলিমদের পানাহার নিষিদ্ধ। মালয়েশিয়ার মোট জনসংখ্যা প্রায় তিন কোটিরও একটু বেশি। এর মধ্যে প্রায় দু’কোটি ভূমিপুত্র মালয়েশিয়ান জনগোষ্ঠী। দেশটিতে চীনা জাতিগোষ্ঠীর স্থায়ী নাগরিক রয়েছে প্রায় এক কোটি। ৩৩ লাখ রয়েছে ভারতীয় তামিল হিন্দু ও শিখ ধর্মের স্থায়ী নাগরিক।

মালয়েশিয়া মুসলিমপ্রধান দেশ হলেও এখানে সব ধর্মের জাতিগোষ্ঠীর রয়েছে একটা মিলনমেলা। ধর্মনিরপেক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় মালয়েশিয়ায়।