শিশু থেকে কিশোর প্রায় বেশিরভাগ ছেলে-মেয়েই ক্রমশ আসক্ত হয়ে পড়ছে মোবাইল গেমের প্রতি। বড়রাও এই তালিকায় রয়েছে। আর করোনাকালীন পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় গেম খেলায় আরো কিছুটা ইন্ধন জুগিয়েছে। সেই ছবিটি এবার ধরা পড়েছে মুম্বইয়ে।
১৬ বছরের কিশোর তার মা-বাবার অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা তুলে নিয়েছে পাবজিতে ভার্চুয়াল নগদ কেনার জন্য। কিশোরটি প্রথমে তার মা-বাবাকে বলেছিল যে, এই টাকা অনলাইন গেমিং সেশনের জন্য।
পাবজি খেলায় আসক্ত ছেলেটি ১০ লাখে টাকা নষ্ট করার পর মা-বাবার উপর রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। যাওয়ার সময় একটি চিঠি লিখে যায়।
এ ঘটনায় গত বুধবার কিশোরের মা-বাবা এমআইডিসি পুলিশের কাছে ছেলের খোঁজে একটি নিখোঁজ ডায়রি করেন।
মা-বাবা পুলিশকে জানান, ছেলে একটি চিঠি রেখে গেছে। যাতে বলা হয়েছে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং ফিরে আসবে না। এরপর স্থানীয় পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে বিষয়টি জানায়।
বৃহস্পতিবার বিকেলে, পুলিশ তার সহপাঠী এবং বন্ধুদের কাছ থেকে তথ্য নিয়ে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর তার বাড়ি থেকে কিছু দূরে মহাকালী কেভস রোডের কাছে দেখা যায় ওই কিশোরকে।
মা-বাবা পুলিশকে জানান, ছোট ছেলেটি পাবজির প্রতি আসক্ত হয়ে পড়েছিল এবং এত বেশি পরিমাণ টাকা তোলার আগে সে একটুও ভাবেনি।
সূত্র : পুবের কলম








