এবার গালওয়ান উপত্যকায় জাতীয় পতাকা উত্তোলন করেছে চীনের সেনাবাহিনী। তবে এ বিষয়টি অস্বীকার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

চীনের সেনাবাহিনী গালওয়ান উপত্যকায় তাদের পতাকা উত্তোলন করেছে বলে দেশটির সরকারি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনী বলেছে, যে এলাকায় চীনা সেনাবাহিনী পতাকা তুলেছে, তা বিতর্কিত এলাকা থেকে অনেকটাই দূরে। চীনের সরকারি টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘২০২২ নববর্ষে গালওয়ানে চীনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মূলত, এ পতাকা তোলা হয়েছিল তিয়েনানমেন স্কোয়ারে।’

অবশ্য ছবিতে দেখা গিয়েছে, চীনের একটি পতাকা একটি আংশিক বরফে ঢাকা পাহাড়ি এলাকায় তোলা হয়েছে। পাশে চীনের সশস্ত্র বাহিনীর সদস্যরাও রয়েছেন। ওই স্থানটি দেখতে অনেকটা গালওয়ান উপত্যকার মতো।

গালওয়ান উপত্যকায় চীনের পতাকা উত্তোলন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘‌গালওয়ানে আমাদের জাতীয় পতাকাই ভালো লাগে। চীনকে জবাব দিতে হবে। মোদিজি আর চুপ করে থাকবেন না।’

এর আগে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। ভারত ও চীনের ওই সংঘর্ষের প্রেক্ষিতে ২০২০ সালের জুলাই মাসে দু’দেশই আলোচনায় বসে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওই বৈঠকে উপস্থিত ছিলেন। স্থির হয়, বিতর্কিত স্থান থেকে দু’পক্ষ তাদের সেনাবাহিনীকে দু’কিলোমিটার পিছিয়ে নিয়ে যাবে।

সূত্র : ভারতীয় গণমাধ্যম