ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় যুদ্ধের সময় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, নিহতরা হলেন হার হালুজের বাসিন্দা নাদাভ কালি (২৪) এবং জেরুজালেমের বাসিন্দা ওফির মোয়ালেম (২৩)। তারা দু’জনই রিজার্ভিস্ট স্টাফ সার্জেন্ট ছিলেন।
ইসরাইলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় সেনাবাহিনীর একটি বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে ওই দুই সেনা নিহত হন। ড্রোনটি তার দ্বিতীয় উড্ডয়নের সময় একটি সামরিক চৌকির ভেতরে বিধ্বস্ত হয় এবং সৈন্যরা সেটির কাছে গেলে তাতে বিস্ফোরণ ঘটে।
ইসরাইলের ‘চ্যানেল ১২’-এর প্রতিবেদনে জানা গেছে, প্রাথমিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী তাদের সব ধরনের ড্রোন কার্যক্রম স্থগিত রেখেছে।
সূত্র : আল জাজিরা






