মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ও বিতর্কিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডেভিড ফ্রিডম্যান বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা পরিচিতি পায় ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামে।

এদিকে ইসরায়েলের বিচারমন্ত্রী আয়েলেট শাকেদ বলেন, ওয়াশিংটনের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ হচ্ছে প্রকৃতপক্ষে সময়ের অপচয়।

উল্লেখ্য, ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন সংকট সমাধানে দুই রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছে। তাতে বলা হয়েছে, দখলকৃত গাজা উপত্যকা চলে যাবে মিসরের অধীনে। আর দখলকৃত পশ্চিম তীরের একাংশে থাকবে জর্ডানের রাজনৈতিক কর্তৃত্ব। পশ্চিম তীরের অবশিষ্ট অংশ শাসন করবে ইসরাইল। এখানে বসবাসরত ফিলিস্তিনিদের ইসরাইল রাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হবে।

কিন্তু ফিলিস্তিনি নেতারা ট্রাম্পের চরম বিতর্কিত এবং সার্বিকভাবে ইসরাইলঘেঁষা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করলে ফিলিস্তিনকে রাজি করাতে এগিয়ে আসেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের ক্ষমতাসীন দল পিএলও-র কাছে তুলে ধরেন।

এদিকে হামাসের শীর্ষস্থানীয় সদস্য ওসামা হামদান আল জাজিরাকে বলেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ফিলিস্তিনকে চাপ দিতে আরব দেশগুলোকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তারা যে সমাধানের কথা বলছে সেটা আসলে ইসরাইলের স্বার্থ সংরক্ষণ করে।