বিশ্বের কয়েকটি দেশের সাথে অস্ত্র রফতানির চুক্তি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ তথ্য জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার বলেন, জাতিসঙ্ঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে অস্ত্র রফতানির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। কয়েকটি দেশের সাথে এরইমধ্যে চুক্তি সই হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের আগে যেসব দেশের সাথে এ সংক্রান্ত সহযোগিতা ছিল সেসব দেশের সাথেও সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, অস্ত্র আমদানির বিষয়েও কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে।

জাতিসঙ্ঘের ২২৩১ নম্বর ইশতেহার ও পরমাণু সমঝোতার ভিত্তিতে গত ১৮ অক্টোবর থেকে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে গেছে। ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও বাতিল হয়ে গেছে।

ফলে ইরান এখন জাতিসঙ্ঘের সদস্য দেশগুলোতে অস্ত্র রফতানির পাশাপাশি প্রয়োজনে এসব দেশ থেকে অস্ত্র আমদানিও করতে পারবে। তবে ইরান প্রথম থেকেই বলে আসছে, অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তারা স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে।

সূত্র : পার্সটুডে