ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কাছে ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় স্থানগুলোকে ‘ইসরাইলি সহিংসতা, আক্রমণ ও মিথ্যাচার’ থেকে রক্ষার আহ্বান জানিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই আহ্বান জানায় ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে মন্ত্রণালয় পূর্ব জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীর ভূখণ্ডে শত শত ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থান দখল করে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘বর্ণবাদী আইন ও খোঁড়া যুক্তি দিয়ে ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ওপর ইসরাইলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইসরাইলের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি প্রত্নসম্পদ চুরি করার পর বিকৃত করে তাদের জাদুঘরে নিজস্ব প্রত্নসম্পদ হিসেবে প্রদর্শন করে নিজেদের উপনিবেশিক দাবির প্রমাণ হিসেবে উপস্থাপন করা।

আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচিত। আইন অনুসারে ওই ভূখণ্ডে ইসরাইলের যে কোনো স্থাপনা নির্মাণের কাজ অবৈধ।

ইউনেস্কো ২০১৭ সালের মে মাসে ইসরাইলকে ‘আগ্রাসী শক্তি’ হিসেবে উল্লেখ এবং অধিকৃত জেরুসালেমের ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে অস্বীকার করে একটি প্রস্তাব পাশ করেছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর