অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ১১ দিনের অব্যাহত বিমান হামলার পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরাইল। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবেই উদযাপন করছেন গাজাবাসী।
ইসরাইলের সাম্প্রতিক এই আগ্রাসনে প্রচণ্ড চাপের মধ্যেও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন গাজায় কর্মরত সাংবাদিকরা। ইসরাইলি হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন। গাজায় মিডিয়া সেন্টার খ্যাত আল-জালা ভবনটিও ইসরাইল বিমান হামলা করে গুড়িয়ে দেয়া হয়। ওই ভবনে সংবাদমাধ্যম আলজাজিরা, মিডল ইস্ট আই ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসসহ (এপি) বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয় ছিল। যুদ্ধবিরতির ফলে তাই উল্লাসিত তারাও। নিজেদের মতো করেই উল্লাস করছেন তারা।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটিতে কর্মরত গাজার সাংবাদিক বেলাল খালেদ এমনই কিছু ছবি তার ফেসবুক একাউন্টে শেয়ার করেন। এতে দেখা যায় এক সাংবাদিক গাজায় ইসরাইলের নিক্ষিপ্ত শেলের গায়ে ক্যালিওগ্রাফির চিত্র আঁকছেন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়, "পড়ে থাকা বোমাকে আমরা ধ্বংসের উপকরণ থেকে শিল্পে পরিণত করেছি। সামেহ আল-কাসেম বলেছেন, 'আমাদের থেকে শিশু ও বৃদ্ধরা মারা গেছেন, তবুও আমরা আত্মসমর্পণ করিনি, মায়েরা তাদের সন্তানদের মৃত্যুর মুখে ছেড়েছে কিন্তু আমরা আত্মসমর্পণ করিনি।'"






