অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা থেকে ১৪ বছরের দীর্ঘ অবরোধ তুলে নেয়ার জন্য দাবি জানিয়েছে শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানায় সংস্থাটি।

অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের সেভ দ্যা চিলড্রেন পরিচালক জেসন লির স্বাক্ষরিত এই বিবৃতিতে গাজায় যুদ্ধ বিরতিকে স্বাগত জানানো হয়।

বিবৃতি বলা হয়, 'যুদ্ধের শেষ মানেই শিশুদের দুর্দশার সমাপ্তি নয়। ১১ দিনের সংঘর্ষে ঝুঁকিতে থাকা পরিবার ও শিশুদের জীবন ও জীবিকা সম্পর্কে আমাদের ভুলে যাওয়া উচিত নয়।'

বিবৃতিতে লি বলেন, 'অনেকেই তাদের মানসিক, অনুভূতি ও শারীরিক ক্ষত নিয়ে বেঁচে থাকবেন। গাজায় শিশুদের অধিকার লঙ্ঘন করা অবরোধরূপী মূল কারণ অবিলম্বে দূর করতে হবে।'

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ২০০৬ সালে অনুষ্ঠিত ফিলিস্তিনি সাধারণ নির্বাচনে জয় লাভ করে। পরে অপর প্রভাবশালী সংগঠন ফাতাহর সাথে নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জেরে পশ্চিম তীর থেকে ফাতাহ হামাসের নেতাকর্মীদের বের করে দিলে গাজার নিয়ন্ত্রণ নেয় সংগঠনটি। তখন থেকেই মিসর ও ইসরাইল যৌথভাবে গাজার ওপর অবরোধ আরোপ করে।

সূত্র : আলজাজিরা