ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে সাত প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়। তবে আবেদন করে এবারও তালিকায় স্থান পেলেন না সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা হলেন, বর্তমান প্রধান বিচারপতি সাইয়েদ ইবরাহিম রইসি, সাবেক কূটনীতিক সাইদ জালিলি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজায়ি, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেমমাতি, পার্লামেন্টের ডেপুটি স্পিকার আমির হোসাইন কাজিজাদেহ হাশেমি, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহসেন মেহের আলীজাদেহ ও সাবেক পার্লামেন্ট সদস্য আলী রেজা জাকানি।

অপরদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আবেদন করা মাহমুদ আহমাদিনেজাদ ছাড়াও সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানি ও আইআরজিসির সাবেক প্রধান সাইদ মাহমুদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

খবরে জানানো হয়, মোট পাঁচ শ' ৯২ জন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আবেদন করে। এর মধ্যে মাত্র ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছেন। নথিপত্র যাচাই বাছাই শেষে এই সাত প্রার্থীকে নির্বাচনের অনুমোদন দেয়া হয়।

এর আগে ১১ মে থেকে ১৫ মে পর্যন্ত তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে নির্বাচন কমিশনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নিবন্ধনের কাজ চলে। ১২ মে নির্বাচনের জন্য প্রার্থিতার নিবন্ধন করে সাড়া ফেলে দেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত দুই দফায় ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানের সংবিধান অনুযায়ী চার বছরের পরপর দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি।

পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনায় ইরানের রক্ষণশীল মহলে জনপ্রিয় আহমাদিনেজাদ ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা করেন। কিন্তু মধ্যপন্থী সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি পাশ্চাত্যের সাথে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যে চরমপন্থী রাজনীতির উত্থানের মাধ্যমে পরিস্থিতির অবনতির আশঙ্কায় আহমাদিনেজাদকে নির্বাচন থেকে বিরত রাখেন।

সূত্র : প্রেস টিভি ও আনাদোলু এজেন্সি