বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী নতুন সরকার গঠনে বিভিন্ন দলের সমঝোতার পর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের স্পিকার ইয়ারিভ লেভিনকে সরিয়ে নতুন স্পিকার নির্বাচনের জন্য ভোটের আহ্বান করেছে নেতানিয়াহুবিরোধী জোট। বৃহস্পতিবার নেসেট সেক্রেটারি ইয়ারদেনা মুলার-হরোউইটজের কাছে এই বিষয়ে এক আনুষ্ঠানিক অনুরোধ পত্র জমা দেয়া হয়।

নেতানিয়াহুর পরবর্তী সরকার গঠন কার্যকর করার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন বিরোধীদলীয় সদস্যরা। লেভিনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নতুন সরকার গঠনে লিকুদ সমর্থিত এই স্পিকার শুধু আস্থাভোটের আহ্বান করবেন।

বিরোধীরা বলছেন, জোটের রক্ষণশীল ইয়ামিনা দলের সদস্যদের ওপর সরকার গঠনের বিরুদ্ধে ভোটে চাপ দিতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

এদিকে ইয়ামিনা দলীয় নেসেট সদস্য নির ওরবাখ জানিয়েছেন, লেভিনকে অপসারনের অনুরোধ তিনি সমর্থন করেননি। ওরবাখের সমর্থন ছাড়া লেভিনকে পদচ্যুত করতে ৬১ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা সম্ভব হচ্ছে না।

এর আগে বুধবার সরকার গঠনে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার সামান্য আগে ইয়েশ আতিদ দলের প্রধান ইয়ায়ির লাপিদ সরকার গঠনের ঘোষণা দেন। ইয়ামিনা দলের প্রধান নাফতলি বেনেটের সাথে লাপিদের সমঝোতার ভিত্তিতে নতুন সরকার গঠনের এই ঘোষণা দেন তিনি।

লাপিদ ও বেনেটের মধ্যকার সমঝোতা অনুযায়ী, তারা পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রথম দু'বছর বেনেট প্রধানমন্ত্রী হবেন, পরের দু'বছর লাপিদ থাকবেন ওই দায়িত্বে। তবে এই সমঝোতা ইসরাইলি পার্লামেন্ট নেসেটে অনুমোদিত হতে হবে। আগামী সাত থেকে ১২ দিনের মধ্যে সেখানে ভোটাভুটি হবে।

সূত্র : জেরুসালেম পোস্ট