ইসরাইলের বিকল্প প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ এক ফোনালাপে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরিকে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টার অনুরোধ করেছেন। শুক্রবার ইসরাইলি ও মিসরীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

ফোনালাপে লাপিদ একইসাথে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন চলে আসা রাজনৈতিক অচলাবস্থা নিরসনের বিষয়ে সামেহ শুকরির সাথে কথা বলেন।

লাপিদ জানান, শুকরি শান্তি আলোচনায় প্রত্যাবর্তনের বিষয়ে জোর দিয়েছেন।

একইসাথে শুকরি লাপিদকে ইসরাইলে সরকার গঠনের জন্য অভিনন্দন জানান।

পাশাপাশি তিনি ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা-বৃদ্ধি বন্ধে এবং সমগ্র ফিলিস্তিনি এলাকা পুনর্গঠন প্রচেষ্টা ও উন্নয়ন সহায়তা এগিয়ে নেওয়ার ব্যাপারে জোর দেন।

এর আগে ১০ জুন ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ মিশরকে গাজায় পণ্য প্রবেশ বন্ধের অনুরোধ জানায়।

গত মে মাসে টানা ১১ দিন ইসরাইলি হামলার পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর মিশর গাজায় নির্মাণ সামগ্রী ও জ্বালানি প্রবেশের অনুমতি দিয়েছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর