অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় এক ইহুদি বসতি স্থাপনকারী ১২ থেকে ১৪ বছর বয়সী চার ফিলিস্তিনি কিশোরীর মুখে পেপার স্প্রে নিক্ষেপ করেছে। সোমবার মহল্লায় ফিলিস্তিনি ঐতিহ্যবাহী নৃত্য দাবকার অনুশীলনের সময় ওই কিশোরীদের মুখে পেপার স্প্রে নিক্ষেপ করে ইহুদি বসতি স্থাপনকারী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজকে স্থানীয়রা জানায়, ওই কিশোরীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনের জন্য নাচের অনুশীলনের সময় ওই ইহুদি বসতি স্থাপনকারী তাদের মুখে পেপার স্প্রে নিক্ষেপ করে। যার ফলে কিশোরীদের মুখ পুড়ে যায়।

পরে ওই বসতি স্থাপনকারী কিশোরীদের ধাওয়া করে এবং ইসরাইলি পুলিশের কাছে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মহল্লার দুই ফিলিস্তিনি তরুণকে আটক করে।

পূর্ব জেরুসালেমে পুরনো শহরের কাছে অবস্থিত শেখ জাররাহ মহল্লায় প্রথম ২০০৯ সালে ইহুদি বসতি স্থাপনের কাজ শুরু হয়। বর্তমানে ইহুদি বসতির ক্রমাগত সম্প্রসারণের প্রচেষ্টায় স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দারা উচ্ছেদ হওয়ার শঙ্কায় রয়েছেন।

সূত্র : ওয়াফা নিউজ এজেন্সি