ইসরাইলি হাই সিকিউরিটি জেল থেকে পালিয়ে আসা ছয় ফিলিস্তিনির সাথে সংহতি প্রকাশ করে অধিকৃত পশ্চিমতীরে আয়োজিত বিক্ষোভে আক্রমণ চালিয়েছে ইসরাইল। এতে অনেক বিক্ষোভকারী আহত হয়েছে।

এদিকে গত সোমবার গিলবাও জেল থেকে পালিয়ে আসা ওই ছয় ফিলিস্তিনির স্বজনদের আটক করেছে ইসরাইল।

বুধবার পশ্চিমতীরের বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সরাসরি গুলি ছুঁড়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০০ মানুষ আহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট।

ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানিয়েছে, রামাল্লাহ, নাবলুস, বেথলেহেম ও হেবরনসহ আশপাশের শহর ও গ্রামগুলোতেও বিক্ষোভ হয়েছে।

জেল পালানো ব্যক্তিদের মধ্যে পাঁচজন ইসলামিক জিহাদের সদস্য এবং অপরজন ফাতাহ গ্রুপের। তারা হয়তো যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন নয়তো কোনো চার্জ ছাড়াই তাদের আটকে রাখা হয়েছিল, আন্তর্জাতিক আইনে যা অবৈধ।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্বাধীনতার দাবি তুলেন এবং ফিলিস্তিনি পতাকা উড়ান।

সূত্র : আলজাজিরা