কারাগার থেকে পালানো ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে ধরার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইসরাইলি সেনাবাহিনী ও পুলিশ। তারা এখন মানব শিকারে প্রস্তুত। ওই ছয় ফিলিস্তিনি কারাবন্দী ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে পালিয়েছিলেন বলে দেশটির হারেটজ পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। শুক্রবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

গতকাল থেকে ইসরাইলি পুলিশ তাদের দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তারা এখন ইসরাইলি কারাগার থেকে পালানো ছয় ফিলিস্তিনিকে খুঁজছে।

ইসরাইলি সেনারাও আছে সতর্কাবস্থায়। পশ্চিমতীরে থাকা সকল ইসরাইলি সেনাদের ছুটি বাতিল করা হয়েছে। কারণ, ধারণা করা হচ্ছে যে কারাগার থেকে পালানো ছয় ফিলিস্তিনির সমর্থনে জুম্মাবারের নামাজের পর বিক্ষোভ মিছিল বের করবেন ফিলিস্তিনের সাধারণ নাগরিকরা।

ইসরাইলের হারেটজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বিশ্বাস যে কারাগার থেকে পালানো ফিলিস্তিনি কারাবন্দীরা পশ্চিম তীরে অবস্থান করছেন। এ কারণে তাদের গ্রেফতার করা আরো কঠিন হয়ে যাচ্ছে। তাদের গ্রেফতার করতে গেলে সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধরা ইসরাইলি সেনাদের সাথে সঙ্ঘাতে জড়িয়ে পড়তে পারে। এসব কারণে ওই ফিলিস্তিনি কারাবন্দীদের গ্রেফতার করতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর