কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি কারাবন্দীর একজন হলেন মোহাম্মদ আল-আরিদা। সোমবার থেকে তিনি অনশন শুরু করছেন বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

সাবেক ও বর্তমান ফিলিস্তিনি কারাবন্দীদের নিয়ে কাজ করা সংগঠন ‘পিএলওস ডিটেইনি অ্যান্ড এক্স-ডিটেইনি কমিশন’ বলেছে, ৬ সেপ্টেম্বর তারিখে ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যাওয়ার কয়েক দিন পর আবার গ্রেফতার হন মোহাম্মদ আল-আরিদা। সোমবার ইসরাইলি কারাগারের কঠোর বিধি-নিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি অনশন শুরু করেছেন।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ জানিয়েছে, আবার গ্রেফতার হওয়ার পর থেকে মোহাম্মদ আল-আরিদাকে হয়রানি করা হচ্ছে এবং তার ওপর কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে ইসরাইলের কারা কর্তৃপক্ষ। তাকে ব্যক্তিগত কোনো জিনিসপত্র ছাড়া ১৪ দিনে জন্য আলাদা কারাগারে নিঃসঙ্গ অবস্থায় আটক করে রাখার মতো সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার সাথে পরিবারের সদস্যদেরকে দেখা করতে দেয়া হচ্ছে না। দু’মাসের জন্য ক্যান্টিন থেকে কোনো খাবার কিনে খাওয়ার অনুমতি দেয়া হবে না তাকে। এছাড়া তার ওপর জরিমানাও ধার্য করা হয়েছে।

তাকে কোনো ধরনের কম্বল ও বালিশ ছাড়া একটি ছোটো, ময়লা ও (বাতাস ঢুকে না এমন) আবদ্ধ কারাকক্ষে আটক করে রাখা হয়েছে। একজন মানুষের পক্ষে এ ধরনের কারাকক্ষে বাস করা অসম্ভব। তাকে কয়েক দিন পর গোসল করতে দেয়া হয়। কারণ, তাকে ঘণ্টা অনুসারে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়।

জেনিনের কাছে আররাবা শহরের বাসিন্দা মোহাম্মদ আল-আরিদা (৪৬)। তাকে ১৯৯৬ সাল থেকে ইসরাইলি জেলে আটক করে রাখা হয়েছে। তিনি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর