ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান লেবাননের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। লেবাননের সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটের সময় দেশটির এসব নেতাদের সাথে সাক্ষাৎ করে সহায়তা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইরানি এ নেতা। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল-জাজিরা।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও স্পিকার নাবিহ বেরির সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন। পরে তিনি লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নাজিব মিকতির সাথে সাক্ষৎ করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার এ সফরের সময় লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বউ হাবিব ও ফিলিস্তিনি প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন।
লেবাননের স্পিকার নাবিহ বেরির সাথে কথা বলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার জন্য দু’দেশের মধ্যে একটি চুক্তি আছে।
তিনি বলেন, ইসরাইলকে প্রতিরোধ করার জন্য হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী যে খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টা নিয়ে তিনি লেবাননের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন।
হোসেন আমির-আবদুল্লাহিয়ান বলেন, আমি আপনাদের এ বিষয়টা নিশ্চিত করতে চাই যে ইরান সব সময় লেবাননের সাথে আছে। লেবানন বর্তমানে যে সঙ্কটের মধ্যে আছে তা নিরসনে ইরান দেশটিকে সাহায্য করবে।
এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করবেন।
সূত্র : আল-জাজিরা






